
শেষ আপডেট: 8 May 2019 13:23
সেই কৌতূহলেরই নিরসন ঘটালেন সদ্য মা-বাবা হওয়া মেগান-হ্যারি। সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করলেন সন্তানের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা তোয়ালে মোড়ানো ছেলেকে কোলে নিয়ে আছেন হ্যারি। পাশেই ছেলের মাথায় আলতো আদর মেগানের। দু'জনের চারটি চোখই নতুন অতিথির দিকে।
ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে মেগান বলেন, সে খুব মিষ্টি মেজাজের, খুবই শান্ত। প্রায়ই স্বপ্ন দেখে এবং হাসে। মা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে মেগান বলেন, "এই আনন্দের তুলনা হয় না। পৃথিবীর সেরা দুই মানুষ এখন আমার কাছে, আমি সত্যিই অনেক সুখী।" হ্যারি বলেন, "আমি জানি না ও কার মতো হয়েছে বা হবে। তবে আমি যে বাবা হয়েছি, সেই অভিজ্ঞতার তুলনা হয় না।" তাঁরা জানিয়েছেন, শিগগিরই রাণী এলিজাবেথেরে সঙ্গে প্রপৌত্রের পরিচয় করিয়ে দেবেন তাঁরা।
হ্যারির ভাই প্রিন্স উইলিয়ামও নুতন অতিথিকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে নিজের সদ্য অভিজ্ঞতা থেকে হ্যারি-মেগানকে জানিয়েছন, রাত জাগার জন্য তৈরি হতে।
তবে সদ্যোজাতর যে ছবি প্রকাশ করেছেন ডিউক এবং ডাচেস অফ সাসেক্স, তাতে অবশ্য পুরোপুরি কৌতূহল মেটেনি কারও। শিশুর সামান্য অংশই দেখা যাচ্ছে সেই ছবিতে। তাতেই অনেকে আন্দাজ করছেন, তার শরীরে হয়তো সাদা চামড়া নেই পুরোপুরি।
যদিও আন্তর্জাতিক মিডিয়ার এই কৌতূহলের নিন্দাও করেছেন অনেকে। বলেছেন, শিশুর প্রাথমিক পরিচয় সে একটি শিশু। সুস্থ শিশু। তার গায়ের রং বা চুলের গড়ন নিয়ে মাথা ঘামানো খুবই কুরুচিকর। শিশুর মা বা বাবার বর্ণের নিরিখে তা নিয়ে প্রশ্ন তোলা আদতে বর্ণবিদ্বেষকেই প্রশ্রয় দেওয়া। যে হ্যারি ও মেগানের বিয়েকে 'প্রগতিশীল' বলে স্বাগত জানিয়েছিল সারা বিশ্বের মিডিয়া, তারাই যখন তাঁদের সন্তানের গায়ের রং নিয়ে প্রশ্ন তোলে, কৌতূহল প্রকাশ করে, তখন তা উদার মনস্কতার পরিচয় দেয় না মোটেই।