দ্য ওয়াল ব্যুরো: এটিকে সবুজ মেরুনের হ্যামলিনের বাঁশিওয়ালা রয় কৃষ্ণ শনিবার ডার্বিতে অনিশ্চিত। ফিজি তারকার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তারপর কোভিড পরবর্তী সিনড্রোমে ভুগছেন তিনি।
দলের কোচ জুয়ান ফার্নান্দো জানিয়েছেন, ‘‘রয় পুরো ফিট নয়, তারপর মানসিক হতাশা রয়েছে। রয় খেলবে কিনা পরে সিদ্ধান্ত নেব। দীর্ঘদিন নিভৃতবাসে থাকার জন্য পরিবারকে মিস করছে।কখনো কখনো খেলোয়াড়দের আড়াল করাটাও জরুরি। এক ম্যাচ খেলে তিন সপ্তাহ না খেলার থেকে, আমি চাইব ও একটা ম্যাচ না খেলে বাকিগুলো খেলুক।’’
কৃষ্ণর হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট থাকার জন্যই তাঁকে নিয়ে উদ্বিগ্ন সবুজ মেরুন শিবির। তিনি শেষ ডার্বিতে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। তাই তাঁকে না পাওয়া সমস্যার হতে পারে। দলে অবশ্য বুমোস ফিরছেন।
মোহনবাগানের স্প্যানিশ কোচ বলেন, ‘‘ইস্টবেঙ্গলের পরিস্থিতি অনেকটাই বদলেছে। আমি ওদের শেষ দুটি ম্যাচ দেখেছি, আমার বেশ ভাল লেগেছে। দলটি অনেক উন্নতি করেছে। তার মধ্যে সোতা ফিরেছে, ওকে আমি চিনি, ওর খেলার ধরনটিও আমি জানি। তাই আমার মনে হয় লড়াই খুব একটা সহজ হবে না।’’
ডার্বি নিয়ে শিবিরের ফুটবলাররা আত্মবিশ্বাসী। দলের ফুটবলাররা মনে করছেন এবারও তাঁরা জিতবেন।
হুগো বুমোস: অন্য বারের চেয়ে এ বার পরিস্থিতি আলাদা। ফুটবলের পাশাপাশি অন্য অনেকদিকেই ফোকাস রাখতে হচ্ছে। অনেকদিন অনুশীলনের মধ্যে ছিলাম না আমরা। তাই প্রতিদিন কঠোর অনুশীলন করে নিজেদের জায়গায় ফিরতে হবে। ডার্বির গুরুত্ব সব সময়ই আলাদা। বাড়তি মোটিভেশন নিয়ে ম্যাচটা খেলতে হয়। এই ম্যাচটা জিতব আমরা, আমি আত্মবিশ্বাসী।
প্রীতম কোটাল: আইএসএলে ইস্টবেঙ্গল একবারও আমাদের হারাতে পারেনি। সেই ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ। অনেকেই বলছেন, ওরা হায়দরাবাদের কাছে চার গোল খেয়েছে বলে আমরা অ্যাডভান্টেজ পজিশনে আছি, সেটা আমি মানতে পারছি না।
এ বারের আমাদের দলের ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি ডার্বি খেলেছি আমি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ম্যাচের কোনও ভবিষ্যতবাণী হয় না। কেউ এগিয়েও থাকে না। তবে আমরা শেষ দুটি ম্যাচ ড্র করলেও, এই মাচটা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। যদি রক্ষণ আটোসাঁটো রেখে খেলতে পারি, যদি গোল অক্ষত রাখতে পারি তা হলে ঠিক গোল করে দেবো।
শুভাশিস বোস: আমাদের কাছে ডার্বির গুরুত্ব অন্য রকমের। যখনই এই ম্যাচটি খেলতে নামী অন্য একটা আবেগ কাজ করে। লিগ টেবলের যা পরিস্থিতি তাতে এই ম্যাচটা জিতলে শেষ চারে ঢুকে যাওয়া যাবে। তাই আবেগের পাশাপাশি লিগের অঙ্কটাও মাথায় রাখতে হবে। আমরা অন্যদের তুলনায় কম ম্যাচ খেলেছি এটা আমাদের পক্ষে সুবিধা। সেই সুযোগ নিতেই হবে।