দ্য ওয়াল ব্যুরো : পুলে সাঁতার কাটছেন মন্ত্রী। সঙ্গে তাঁর ছেলেমেয়ে। মন্ত্রী টুইট করেছেন, অনেকদিন বাদে ছেলেমেয়ের সঙ্গে সাঁতার কাটতে নামলাম। আশা করি, এখানেও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে। মন্ত্রীর নাম কে সুধাকর। তিনি আগে কর্নাটকে কংগ্রেসের সদস্য ছিলেন। পরে বিদ্রোহ করেন। সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে রসিকতা করায় তাঁর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা ডি কে শিবকুমার টুইট করে বলেছেন, একজন মন্ত্রীর আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।
তিনি লিখেছেন, “সুধাকর রাজ্য সরকারের করোনা রেসপন্স টিমের সদস্য। এখন সারা বিশ্ব করোনা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মন্ত্রী এখন সুইমিং পুলে সময় কাটাচ্ছেন। নৈতিক দিক থেকে কাজটি অন্যায়। মুখ্যমন্ত্রীর উচিত তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া।” মন্ত্রী অবশ্য তাঁর টুইটটি মুছে দিয়েছেন।
https://twitter.com/DKShivakumar/status/1249584723145322497
সুধাকর কর্নাটকের মেডিকেল এডুকেশন দফতরের মন্ত্রী। রাজ্যে কোভিড ১৯ মোকাবিলায় যে ‘ভাইরাস ওয়ার রুম’ গঠিত হয়েছে, তার দায়িত্বে আছেন তিনি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু তাঁকে ওই দায়িত্ব দেন।
কর্নাটকে এখনও পর্যন্ত ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সারা দেশে আক্রান্তের সংখ্যা ৯১২৫। মারা গিয়েছেন ৩০০-র বেশি।
বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার। ভারতে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই ভাইরাস সংক্রামিতের সংখ্যা দু’হাজার ছুঁতে চলেছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই সংক্রমণে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। নতুন আক্রান্ত অন্তত ২২৪ জন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান। দিল্লিতে আক্রান্তের সমখ্যা ১১৫৪। মৃত্যু হয়েছে ২৪ জনের। তামিলনাড়ুতেও সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানা (৫০৪), উত্তরপ্রদেশ (৪৮৩), অন্ধ্রপ্রদেশেও (৪২৭)আক্রান্তের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল অর্থাৎ রবিবার সকালের বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, তখনও পর্যন্ত বাংলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সোমবার সকালের বুলেটিনে দেখা গেল তা বেড়ে দাঁড়িয়েছে ১৫২। একদিনের মধ্যে করোনা পজিটিভের সংখ্যার বৃদ্ধি বাংলায় এর আগে হয়নি।