
গণপিটুনির শিকার তরুণী (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 22 June 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় গত বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসত। এই ঘটনার পর নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য পদক্ষেপও নেয় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। কিন্তু একদিন যেতে না যেতেই ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক তরুণী। এবারও ঘটনাস্থল বারাসতের কাছেই অশোকনগর। ঘটনাটিতে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ঘটনাটি ঘটেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পুমলিয়া এলাকায়। পুলিশ সূত্রের খবর, আহত ওই তরুণীর নাম রজনী খাতুন। এদিন সাইকেল নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা রজনী। আর এতেই নাকি স্থানীয়দের তাঁকে ছেলেধরা বলে সন্দেহ হয়। সন্ধে ৬টা নাগাদ প্রায় কয়েকশো উত্তন্ম জনতা তরুণীর উপর চড়াও হয়।
পুলিশ জানতে পেয়েছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তাঁকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেই চড়াও হন এলাকাবাসীরা। কিল-চড়-ঘুষি চুলের মুঠি ধরে ওই তরুণীকে বেধরক মারধর করা হয়। এই ঘটনায় শনিবার ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রজনীকে উদ্ধার করতে যায় পুলিশ। এমনকী উদ্ধার করতে গিয়ে পুলিশও স্থানীয়দের হাত থেকে রেহাই পায়নি। ঘটনাস্থলে উপস্থিত তিন পুলিশ কর্মী আহত হয়েছেন। এরপর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে ঘটনাটিতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
কয়েকদিন আগে বারাসতের কাজিপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারপরেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বারাসতের সেন্ট্রাল মডেল স্কুলের সামনে ছেলেধরা সন্দেহে এক মহিলা এবং তাঁর সঙ্গীকে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির পর প্রশাসনের তরফে কোনও গুজব ছড়াতে নিষেধ করা হয়। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হল শুক্রবারও। এবার গণপিটুনির শিকার হলেন এক তরুণী।