
শেষ আপডেট: 8 September 2023 18:50
দ্য ওয়াল ব্যুরো: এভাবেই হয়তো ইতিহাস রচিত হতো। এভাবেই হয়তো জন্ম নিত রূপকথার। কিন্তু তীরে এসে তরী ডোবা বলতে যা বোঝায়, সেটাই হল রোহন বোপান্নার (Rohan Bopanna) ক্ষেত্রে।
শুক্রবার ইউএস ওপেন ডাবলস ফাইনালে (US Open Doubles Final) রোহন বোপান্না ও তাঁর অস্ট্রেলীয় পার্টনার ম্যাথু এবডেন হার মানলেন ৬-২, ৩-৬, ৪-৬ সেটে। চ্যাম্পিয়নের মুকুট সেই অধরাই থাকল ভারতীয় টেনিস তারকার।
রোহন ৪৩, আর এবডেনের বয়স ৩৫। দুই অভিজ্ঞ তারকা আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ আমেরিকার রাজীব রাম ও ব্রিটিশ জো সলিসবুরির কাছে হারলেন। তারুণ্যের কাছে হার অভিজ্ঞতার।
এর আগে ২০১০ সালে একইভাবে ইউএস ওপেনের ফাইনালে উঠে ব্যর্থ হয়েছিলেন বোপান্না। ১৩ বছরের মাথায় এসে ফের মুকুট হারালেন। তাঁর কাছে গ্র্যান্ডস্লাম খেতাব অধরাই থাকল।
প্রথমে সেটে বিপক্ষকে সুবিধেই করতে দেননি বোপান্নারা। ৬-২ সেটে একপ্রকার উড়িয়ে দিয়েছেন। বিপক্ষ তারকারা দ্বিতীয় সেটে খেলায় ফেরেন। তাঁরা ৩-৬ সেটে বোপান্নাদের হারান। এমনকী শেষ সেটে লড়েও রোহনরা হারেন ৪-৬ সেটে।
রোহন এই বয়সে কী করে এত ফিট রয়েছেন, এই নিয়ে রহস্য ফাঁস করেছেন তাঁর একদা মিক্সড ডাবলস পার্টনার সানিয়া মির্জা। তিনি এদিন ধারাভাষ্য দিতে গিয়ে বলছিলেন, ‘রোহনকে আমি যতদূর জানি ওঁর যোগাভ্যাস ও পরিমিত আহারই ওঁকে বাকিদের থেকে আলাদা করেছে।’ বোপান্না ফাইনালে হারলেও তার আগে মহানজির গড়েছেন সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন।
এদিন ম্যাচে ক্রস কোর্ট রিটার্নগুলিতে বোপান্নার জাত বোঝা গিয়েছে। তিনি একেকটি রিটার্ন করেছেন, সবাই করতালি দিয়ে উৎসাহিত করেছেন। যদিও বিপক্ষ তারকারা পিছিয়ে থেকে এসে যেভাবে ম্যাচ বের করলেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট বিক্রি ফের শুরু, ইডেনে মিলবে কবে থেকে, চলছে জল্পনা