
শেষ আপডেট: 7 September 2023 18:56
দ্য ওয়াল ব্যুরো: ইউএস ওপেনে মহানজির গড়লেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। তিনি ৪৩ বছর ছয় মাস বয়সে ডাবলসের ফাইনালে উঠলেন সঙ্গী অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে (Rohan Bopanna at grand slam doubles final)। বিশ্বে এই কৃতিত্ব আর কারও নেই।
এর আগে লিয়েন্ডার পেজ কিংবা রমানাথন কৃষ্ণান এই কৃতিত্ব দেখিয়েছিলেন। কিন্তু রমানাথন উইম্বলডনের সেমিতে গিয়েছিলেন। লিয়েন্ডার ৪০ বছর বয়সেও গ্র্যান্ডস্লাম টেনিসের ফাইনালে ওঠেন। কিন্তু বোপান্না সবাইকে ছাপিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এতদিন এই নজির ছিল ড্যানিয়েল নেস্তরের। তিনি ৪৩ বছর চার মাস বয়সে ফাইনালে ওঠেন। রোহন তাঁকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়লেন।
আধুনিক টেনিস কত দ্রুতগতিসম্পন্ন হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে টেনিসের সঙ্গে মিশেছে প্রযুক্তিও। বোপান্না দেখালেন পুরনো ঐতিহ্য ধরে রেখেও স্রেফ অভিজ্ঞতার ওপর ভর করে ইউ এস ওপেনের মতো গ্র্যান্ডস্লাম টেনিসেও ফর্মের শিখরে থাকা যায়।
ম্যাচ জয়ের পরে ভারতীয় এই টেনিস কিংবদন্তি জানিয়েছেন, ‘অনেকদিনের স্বপ্ন ছিল এই মহানজির গড়ার। সেটা করতে পেরে ভাল লাগছে। আমি যখন জানলাম বিশ্বে আমি সবচেয়ে বয়সি তারকা যিনি ডাবলসের ফাইনালে উঠেছি, দারুণ লেগেছে। ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভাল লাগবে।’
এর আগে বোপান্না বারবার ডাবলস ও মিক্সড ডাবলস পার্টনার বদলেছেন। একটা সময় সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে গ্র্যান্ডস্লাম টেনিসের সেমিতে উঠেছিলেন। একবার অবশ্য ফ্রেঞ্চ ওপেনে জিতেছিলেনও। এবার লিয়েন্ডার, মহেশ ভূপতিদের প্রাক্তন সতীর্থ সকলকে টেক্কা দিয়েছেন।
ইউ এস ওপেনে আলকারাজের ম্যাচে হাজির ধোনি, নতুন লুকে ধরা দিলেন মাহি