
শেষ আপডেট: 24 September 2022 06:48
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে হয়তো আবেগ, একেই বলে বন্ধুত্ব। বিদায়ের শেষ বেলায় কেঁদে ভাসালেন টেনিসের কিংবদন্তি তারকা। শেষ ম্যাচ, অনেক কিছু লিখে দিয়ে গেল। হেরেও যে মানুষের মন জয় করা যায় তা বুঝিয়ে দিয়ে গেলেন রজার ফেডেরার (roger federer)।
এবারের লেভার কাপে (laver cup 2022) মূল আকর্ষণই ছিলেন তিনি। অবসর নেওয়ার আগে শেষ ম্যাচ হিসেবে সেটাকেই বেছে নিয়েছিলেন টেনিস তারকা। বিদায়বেলায় তিনি দেখিয়ে দিয়ে গেলেন প্রতিদ্বন্দ্বীতা শুধু কোর্টে। বাইরে সবাই বন্ধু। তাই বন্ধুর বিদায়ে সবার চোখে জল। রজারের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন তাঁর দুই চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। এই ফ্রেম বাঁধানো থাকবে বহু জায়গায়। অনেকেই বলছেন, টেনিসের ইতিহাসে এই মুহূর্ত সবথেকে সেরা হয়ে থেকে যাবে।
লেভার কাপের শুক্রবারের ম্যাচ নিয়ে ছিল যাবতীয় উৎসাহ। হবে নাই বা কেন। যে বিশ্ব তারকা টেনিস কোর্টে দৌড়ে বেড়াতেন, বিপক্ষকে উড়িয়ে দিতেন তুড়ি মেরে, সেই তারকাকে শেষবার খেলতে দেখার আগ্রহ ছাড়তে পারেননি কেউই। পেশাদার টেনিস জীবনের শেষ ম্যাচ খেলতে যখন নাদালের সঙ্গে কোর্টে আসেন ফেডেরার, তখন যেন গ্যালারিতে ঘটে আবেগের বিস্ফোরণ।
২০২১ সালে উইলম্বডনের কোয়ার্টার-ফাইনালে হেরে যাওয়ার পর আর মাঠে নামেননি রজার। প্রায় এক বছর পর সেই রজারের ব্যাকহ্যান্ড, ভলি, ফোরহ্যান্ড দেখার জন্য মুখিয়ে ছিল বিশ্ববাসী। দেখলেনও। কেউ টিভিতে, কেউ আবার গ্যালারিতে বসে। তবে আফসোস এই যে জীবনের শেষ ম্যাচ হেরে মাঠ ছাড়তে হল কিংবদন্তিকে।
তবে এদিনের ম্যাচ হার জিতের ছিল না। ছিল শুধুই আবেগের, আর ইতিহাস তৈরির। ছিল বন্ধুত্বের। ছিল বিদায়ের। জীবনের শেষ ম্যাচ তিনি জুটি বেঁধেছিলেন চির প্রতিদ্বন্দ্বী নাদালের সঙ্গে। ম্যাচ শেষে তিনিও কাঁদছেন, কাঁদছে গোটা বিশ্ব। হয়তো কয়েকদিন পর নাদালও বিদায় নেবেন টেনিস থেকে। কিন্তু সেই ম্যাচে জুটি হিসেবে পাবেন না রজারকে। ম্যাচ শেষের দৃশ্য লেখা থাকবে টেনিসের ইতিহাসের স্বর্ণাক্ষরে।
সৌরভ, কল্যাণের পরে তির্কে, হকিতেও সংস্থার শিখরে প্রাক্তন খেলোয়াড়