দ্য ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে রীতিমতো হুমকি দিয়ে বেরিয়ে এসেছেন পরমাণু চুক্তি থেকে। তার ২৪ ঘন্টার মধ্যে আমেরিকার মিত্র দেশ ইজরায়েলের সেনা ঘাঁটি লক্ষ করে রকেট ছুঁড়ল ইরান। তার পাল্টা গুলিগোলা চালিয়েছে ইজরায়েলি সেনাও। এই নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে গোলান হাইটস এলাকায়।
সিরিয়া দেশটার মধ্যে এক বিতর্কিত অঞ্চলের নাম গোলান হাইটস। ১৯৬৭ সালের যুদ্ধে আরব-ইজরায়েল যুদ্ধে ইজরায়েল ওই জায়গাটি দখল করে। তার পর থেকে সেখানে ইজরায়েলের সেনা ঘাঁটি আছে। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পরে বুধবার রাতে ইরান গোলান হাইটসে ইজরায়েলি সেনা ঘাঁটির উদ্দেশে রকেট ছোঁড়ে।
ইজরায়েলি সেনা বলেছে, রাতে ইরানের রেভলিউশনারি গার্ড তাদের লক্ষ্য করে ২০টি রকেট ছুঁড়েছে। তার পাল্টা হিসাবে ইজরায়েল এ দিন গোলাবর্ষণ করেছে ইরানের সেনা ঘাঁটি, গোয়েন্দা দফতর ও যানবাহনের ডিপো লক্ষ করে।
এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বশির অল আসাদের সমর্থনে সেনা পাঠিয়েছে ইরান। তাতে রেগে গিয়েছে ইজরায়েল। তার পরে আমেরিকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসায় দুই দেশের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ।