আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় আচমকা ধস নামল। তৈরি হয়েছে বড় গর্ত, বন্ধ এক লেন। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে ধস
শেষ আপডেট: 20 July 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রবিবার সকালে আচমকা ধস নামল। ধসের ফলে রাস্তার মাঝখানে একটি বড় গর্ত তৈরি হয়, যার জেরে ওই রাস্তায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় হঠাৎই রাস্তার কিছুটা অংশে গর্ত হতে শুরু করে। তারপরেই ধসে গিয়ে তৈরি হয় বিপজ্জনক গর্ত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো হয় এবং ধস কবলিত এলাকাকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একটি লেন আপাতত বন্ধ রাখা হয়েছে যান চলাচলের জন্য।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়েছে মেরামতির কাজ। ধসের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়ারদের একটি দল। প্রাথমিকভাবে অনুমান, রাস্তার নীচে মাটি সরে যাওয়ার ফলেই এই ধস। বর্তমানে ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু থাকলেও, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।
আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে ধস নতুন নয়। এ ধরনের ঘটনা ঘটেছিল আগেও। পুরনিগমের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল মূর্গাশোল এলাকায়, হাইড্রেনের কাছে জাতীয় সড়কে ধস নামায় আতঙ্ক ছড়ায় এলাকায়। সেই ঘটনার সময় রাস্তার একাংশে ফাটল দেখা দেয়, যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম ভয়ে পড়েন। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর যায় পুলিশ ও প্রশাসনের কাছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় ধস কবলিত অঞ্চল। ফাটলের কারণে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার একই এলাকায় ধসের ঘটনা ঘটলেও স্থায়ী সমাধানের পথে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে জাতীয় সড়কের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও।