
শেষ আপডেট: 28 August 2022 03:12
দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক আগেই লখনউয়ের লুলু মলে নামাজ এবং হনুমান চালিশা পাঠ নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেসময় কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করে উত্তরপ্রদেশ পুলিশ। এবার ফের একই কাণ্ড ঘটল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের (Bhopal) একটি শপিংমলে (shopping mall)। অভিযোগ, মলের ভিতরে নামাজ পড়তে দেখে সেখানে ভজন গাইতে শুরু করেন হিন্দুত্ববাদীরা।
শনিবারই দেশজুড়ে ধর্মের বাড়াবাড়ি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কেরল হাইকোর্ট। আদালতের মন্তব্য, এর ফল সুদূরপ্রসারী এবং বিপজ্জনক হতে পারে। এরমধ্যেই গতকাল বিকেলে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি শপিং মলে ঘটে গেল মারাত্মক ঘটনা। সূত্রের খবর, শনিবার বিকেলে ওই মলের মুসলিম কর্মীরা নামাজ পড়ছিলেন। এমন সময় সেখানে ঢুকে পাল্টা ভজন গাইতে শুরু করেন হিন্দুত্ববাদীরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিবেশ তৈরি হয় মলের ভিতরে।
মল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মলের বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী কর্মী শপিংমলের নীচের তলায় ফায়ার এক্সিটের কাছে নামাজ পড়ছিলেন। ঠিক তখনই সেখানে বজরং দলের সদস্যরা উপস্থিত হন। মলের ভিতরে নামাজ পড়া নিয়ে আপত্তি তোলেন তাঁরা। এমনকি ভিডিও রেকর্ডও করতে থাকেন তাঁরা। এরপরেই গলা ছেড়ে ভজন গাইতে শুরু করেন।
উত্তেজনা বাড়ায় ঘটনাস্থলে হাজির হন মল কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা। পরে খবর পেয়ে পুলিশ আসে ভোপালের ওই শপিংমলে। এই বিষয়ে বজরং দলের এক নেতার বক্তব্য, দীর্ঘদিন ধরে মলে নামাজ পড়া চলছিল। আমরা জানিয়ে দিয়েছি, ওখানে নামাজ পড়া হলে হনুমান চালিশাও পড়া হবে। এদিকে পুলিশ জানিয়েছে, কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি। তবে দুইপক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা হয়েছে। নিশ্চিত করা হয়েছে যে ভবিষ্যতে শপিংমলের ভিতরে আর কোনওরকম ধর্মীয় বিধি বা আচরণ পালন করা যাবে না।
কী কাণ্ড! বিজেপির ভয়ে বিধায়কদের নিয়ে জলে নেমে পড়েছেন হেমন্ত সরেন!