
শেষ আপডেট: 2 February 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা, বিধানসভা থেকে শুরু করে সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন, বেনিয়মের অভিযোগে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার আদালতের নির্বাচনেও কারচুপির অভিযোগ উঠল! এই নিয়ে মামলা দায়ের হওয়ার পর শেষমেশ হস্তক্ষেপ করতে হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যকে।
আইনজীবীদের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। শুক্রবার এই মামলার জরুরি শুনানি হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। মামলাকারীর আইনজীবী অনিমেষ ভট্টাচার্যের অভিযোগ, ভোট দেওয়ার জন্য যে ব্যালট পেপার ইস্যু করা হয়েছে তাতে একটি সিরিয়াল নম্বর রয়েছে, যাতে সহজেই ভোটাররা চিহ্নিত হয়ে যাবেন।
তিনি জানান, ব্যালট পেপার নেওয়ার সময় কাউন্টার পার্টে সংশ্লিষ্ট ভোটারকে সাক্ষর করতে হচ্ছে। আর ওই কাউন্টার পার্ট ভোটারের কাছে থাকছে না। ফলে কোন ভোটার, কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা সহজেই সামনে এসে যাচ্ছে।
মামলাকারীর আইনজীবী শাসক গোষ্ঠীর দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন, জেনে বুঝেই এমন করা হয়েছে যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে পরবর্তীতে সেই আইনজীবীদের চিহ্নিত করা যায়। বার অ্যাসোসিয়েশন যদিও এই বক্তব্যের বিরোধিতা করেছে।
শেষে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন, সমস্ত ব্যালট পেপারের কাউন্টার পার্ট জমা রাখতে হবে রেজিস্ট্রার জেনারেলের কাছে। পাশাপাশি নির্বাচনী অফিসার সমস্ত ব্যালট পেপারের কাউন্টার পার্ট জমা জমা দেবেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব কিছু জমা থাকবে।