
শেষ আপডেট: 15 February 2021 10:35
শোকযাপন নাকি শোকবিলাস কোনটা ঠিক করি আমরা, সেই প্রশ্ন উঠে এলো তাঁর কলমে! বীর শহীদদের প্রতি সম্মান নাকি মুনাফার লোভে সেই ঘটনাকে নিয়ে সিনেমা! ফেসবুক, ট্যুইটারের ভাঙা হৃদয় চিহ্ন দিয়ে কতটা সম্মান দেখানো যায়, সেটার দিকে আঙুল তুলেছেন তিনি। এমনকি তাঁর লেখাতে স্পষ্টভাবে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ আর অনেকগুলো প্রশ্ন চিহ্ন। আদৌ কি এই হামলার পরে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছিল? সেই প্রশ্ন তুলেছেন তিনি!
ঋদ্ধি লেখেন,"এক দেশ বললো পুড়েছে একাধিক জঙ্গিদের ক্যাম্প আর অন্য দেশ বললো পুড়েছে শুধুই কিছু গাছ l তবে আমাদের কি যায় আসে? দ্বায়িত্বশীল নাগরিকের মতো প্রশ্ন না করে আমরা ভোট আর টিয়ারপির তালিকায় দান করেছি কিছু সংখ্যা l আর যারা প্রকৃত দেশের নায়ক, যাদের জেগে থাকার জন্য আমরা জেগে ঘুমিয়ে আছি, যাদের দেশপ্রেম আটকে নেই এসি ঘর বা মাইকের সামনে ভাষণে, তাদের হাড় কাঁপানো ঠান্ডা বা লাভার থেকেও গরমে রক্তক্ষয়ের ওপর দাঁড়িয়ে সম্পত্তি বৃদ্ধি করছেন দেশপ্রেমের কপিরাইট নেয়া কিছু মুখ, সেই ৮০জন শুধুই সংখ্যা হয়েই থেকে গেলেন।''
এরকম ভাবে আরও কত বেড়ে চলবে মৃত্যু, থুড়ি সংখ্যা তার কোনও সদুত্তর আছে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে! তবুও তিনি আমাদের মনে করিয়ে দেন দেশের জন্য যাঁদের প্রাণ হারিয়েছে তাঁদের কথা। তাঁদের জন্যই আমরা ভাল থাকি। তাঁদেরকে সামনে দাঁড় করিয়ে দেশে চলে রাজনীতির খেলা, দল বদলায়। শোকের ফল যে ‘জিন্দাবাদ’-এ এসে থেমে যায় সে কথা তাঁর লেখায় স্পষ্ট!