
ফাইল ছবি।
শেষ আপডেট: 3 October 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই 'উৎসবে ফিরব না' বলে বার্তা দিচ্ছিলেন। বিশেষত, সোশ্যাল মাধ্যমে রীতিমতো ঝড় বইছিল। কিন্তু মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
উৎসবে ফিরেছে জনতা! মহালয়ার সন্ধে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে জনতা! বিষয়টি টের পাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরাও।
সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতি নিয়ে চিন্তিত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও। মানুষ পাশে না থাকলে যে আন্দোলন বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তা বেশ বুঝতে পারছেন তাঁরাও। তারই জেরে কর্মবিরতির বিকল্প হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন তাঁরা।
এ ব্যাপারে আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত বলেন, "দফায় দফায় বৈঠক হচ্ছে। কর্মবিরতি প্রত্যাহার নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে বিচার চেয়ে ৯ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর, টানা ৪৩দিন কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। সে সময় একাধিকবার লক্ষ লক্ষ মানুষকেও পথে নামতে দেখা গেছে। তবে মহালয়ার দিন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
মঙ্গলবার শ্রীভূমির পুজো উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার অর্থাৎ মহালয়ার সন্ধেতেই সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুধু কলকাতা নয়, বুধবার নদিয়ার কল্যাণীর একটি পুজো মণ্ডপেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার দুপুর থেকেই আকাশের মুখ ভার। ভাবখানা এমন, এই বুঝি হুড়মুড়িয়ে নামল বৃষ্টি। তারই মধ্যে কলকাতা থেকে জেলার রাস্তায় প্রতিমা দেখার জন্য একটু একটু করে ভিড় বাড়ছে মানুষের।
ফলে দ্বিতীয় দফার কর্মবিরতি নিয়ে দ্বিধাভক্ত জুনিয়র চিকিৎসকরাও। এখন দেখার, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা কোন পথে হাঁটেন।