
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 February 2025 19:59
দ্য ওয়াল ব্যুরো: রবিবার আরজি করের প্রয়াত তরুণী চিকিৎসকের জন্মদিন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে এদিন বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল। দুপুর ৩টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলের গন্তব্য ছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত। চিকিৎসকরা সেখানে পৌঁছতেই বাঁধল ধুন্ধুমার। কলেজের গেটে ব্যারিকেড বসিয়ে চিকিৎসকদের আটকে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কলেজে ঢুকতে বাধা দিতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিন তাঁদের সঙ্গেই চিকিৎসকরা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। কেন তাঁদের হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না তা নিয়েই বিক্ষোভের শুরু। এদিন আরজি করে নির্যাতিতার মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা ছিল তাঁদের।
মিছিলে অংশ নিয়েছিলেন সিনিয়র, জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ নাগরিক ও শিক্ষক সমাজ। তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি কেকের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি এদিন নির্যাতিতার সোদপুরের বাড়ির কাছে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। দুপুর গড়িয়ে সন্ধে হতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, "হাসপাতাল কারো ব্যক্তিগত জায়গা নয়। "আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছি। সেটা আমাদের করতে দেওয়া হচ্ছে না। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। তবে হাসপাতালে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক চাই না। আমাদের আটকে রাখা যাবে না।" এরপরই বেলগাছিয়ার রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
চিকিৎসকরা বলেন, বাংলার মেয়ের জন্মদিন আজ। সেই জন্মদিনে পথে নেমেছি আমরা। একাধিক প্রশ্নের উত্তর পাইনি আমরা। সেকারণেই নির্যাতিতার বিচার চেয়ে মিছিল।
সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও অশান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি ওই তরুণী চিকিৎসকের জন্মদিন। এই দিন বাড়িতে আনন্দ হওয়ার কথা। কিন্তু তেমন কিছু হয়নি। অনেক স্বপ্ন দেখেছিলেন নির্যাতিতার বাবা মা।
এদিনের মিছিলে অংশ নিয়ে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, "ন্যায়বিচার মিললে সেটাই হবে মেয়ের জন্মদিনের প্রকৃত উপহার। তাই সকলকে বলব, আন্দোলনে পাশে থাকুন আমাদের। ন্যায়বিচার পেতে জোরদার আন্দোলন গড়ে তুলুন। যাতে রাজ্য সরকার বুঝতে পারে, নাগরিক সমাজ পাশে রয়েছে পরিবারের।"
নির্যাতিতার মা বলেন, "৬ মাস পেরিয়ে গেলেও আমরা সুবিচার পাইনি। সিবিআই যতদিন না সদুত্তর দিতে পারবে এই আন্দোলন আরও তীব্রতর হবে। আমার মেয়ের ন্যায়বিচার ছিনিয়ে আনব ই। মেয়ের জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা। এদিনের মৌন মিছিল আমাদের আরও শক্তি জুগিয়েছে।"
চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। তাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশও দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি এখনও বিচার মেলেনি। সেকারণে ফের প্রতিবাদের রাস্তায় নেমেছেন তাঁরা।