
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
শেষ আপডেট: 16 August 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে আরজি করে হামলার ঘটনায় শুক্রবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য এবং কলকাতা পুলিশ। বুধবারের ঘটনায় আদালত এতটাই ক্ষুব্ধ যে মামলার শুনানি চলাকালীন একসময় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ এও বলে, এই ধরনের ঘটনা চলতে থাকলে আরজিকর বন্ধ করে রোগীদের অন্যত্র পাঠিয়ে দেব!
মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন আইনজীবী কৌস্তভ বাগচীও। ঘটনার পর কলকাতা পুলিশ কমিশনার কী বলেছিলেন, এদিন আদালতে সেই ভিডিও রেকর্ডিং জমা দেন কৌস্তভ।
তাঁর বক্তব্য, "হামলার পর বিনীত গোয়েল বলছেন, আমাদের কাছে ইনফরমেশন রয়েছে কিন্তু আমরা কিছু করতে পারছি না। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি জানিয়ে দেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে আরজি কর বন্ধ করে রোগীদের অন্যত্র পাঠিয়ে দেব।"
প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুন ও ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাতের হামলা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই এদিন রাজ্যের গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলে আদালত।জানতে চাওয়া হয়, "এভাবে হামলা হতে পারে, সে খবর কেন ছিল না গোয়েন্দা দফতরের কাছে? এত মানুষ জমায়েত হল, অথচ পুলিশ আগে থেকে তৈরি ছিল না? এটা বিশ্বাস করা কঠিন।"
আগামীদিনে এমন ঘটনা নিয়ন্ত্রণে কলকা্তা পুলিশ কী পদক্ষেপ করবে তাও লিখিত আকারে জানতে চেয়েছে আদালত। কৌস্তভ বলেন, "রাজ্য এবং কলকাতা পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলাম। রাজ্যের হলফনামা চেয়েছে আদালত। বুধবার এব্যাপারে চূড়ান্ত নির্দেশ দেবেন বিচারপতি।"