
শিয়ালদহে স্বাভাবিক ট্রেন পরিষেবা।
শেষ আপডেট: 16 August 2024 09:08
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মধ্যরাতে দুষ্কৃতী হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। পাশাপাশি বামেদের তরফে ধিক্কার দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। দুপুরে পথে নামছে বিজেপিও। তবে বনধকে ঘিরে শুক্রবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত সেই অর্থে কোনও প্রভাব পড়তে দেখা গেল না।
এদিন সকালে শিয়ালদহ, হাওড়া-সহ রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ রেল জংশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় নেমেছে সরকারি ও বেসরকারি বাসও। তবে বেলা বাড়লে পরিস্থিতি বদলের আশঙ্কা করছেন অনেকে। বনধকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে রাস্তায় পুলিশি নজরদারিও চোখে পড়ার মতো। তবে দক্ষিণ ২৪ পরগনা, আসানসোল, কোচবিহার-সহ কয়েকটি জেলায় বনধের আংশিক প্রভাব পড়েছে। জোর করে বনধ পালনের অভিযোগে কোচবিহারে এসইউসিআইয়ের কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে বনধকে ঘিরে বৃহস্পতিবার নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে সরকারি কর্মীদের জানানো হয়েছে, শুক্রবার সরকারি কর্মচারীদের কেউ ছুটি নিতে পারবেন না, বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একথাও জানানো হয়েছে, কেউ ছুটি নিলে তাঁর চাকরি জীবন থেকে একদিন কাটা যাবে।
পরিবহণ দফতরের তরফেও নির্দেশিকা জারি করে পরিষ্কারভাবে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধেয় ৬টা পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।
স্বাধীনতার মধ্য রাতে আরজি করে ছাত্রী খুনের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিল আমজনতা। একেবারে অরাজনৈতিক জনজোয়ার দেখা গেছিল। মূলত মহিলাদের ডাকা কর্মসূচি হলেও সেখানে বহু পুরুষরা সামিল হতে দেখা যায়। এই প্রতিবাদের মাঝেই আরজি করে দুষ্কৃতী হামলা হয়। দাবি অনুযায়ী, পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে অন্তত ২৫-৩০০ জন। ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। জরুরি বিভাগ থেকে শুরু করে করিডর সব জায়গা তছনছ করে দেওয়া হয়।
এরই প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই। একই দিনে রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শুক্রবার বেলা দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করবেন তাঁরা। তবে এই প্রতিবাদ হবে প্রতীকী। বিকেলের পর হাতে মোমবাতি নিয়ে মহিলা মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করবেন। আর ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছে বামেরা।