
ফাইল ছবি।
শেষ আপডেট: 3 October 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই। আগামীকাল শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে।
তদন্তে বিভ্রান্তি তৈরি এবং দুর্নীতির অভিযোগে আশিসকে গ্রেফতার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছিল আশিসের বিরুদ্ধে। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।
প্রসঙ্গত, ৯ অগস্ট সেমিনার হলে ডাক্তারি ছাত্রীর দেহ যেখানে পাওয়া গিয়েছিল, সেই অকুস্থলে আশিস উপস্থিত ছিল বলেও অভিযোগ।
কে এই আশিস পাণ্ডে? সূত্রের খবর, আরজি করের থ্রেট কালচারের অন্যতম হোতা হিসেবে পরিচিত ছিল এই আশিস। এবং আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে উঠে এসেছিল আশিসের নাম। সম্প্রতি তৃণমূল চাত্র পরিষদের প্রভাবশালী এই ছাত্রনেতাকে একাধিকবার জেরাও করেছিলেন তদন্তকারীরা।
সূত্রের দাবি, জেরায় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়াকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন আশিস। এব্যাাপারে সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে আশিসকে। আরজি করের দুর্নীতিতেও তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। পরে তথ্য প্রমাণ লোপাট ও দুর্নীতির অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর, তখন থেকেই তদন্তকারীদের নজরে ছিল আশিস। জানা যাচ্ছে, আরজি করের টেন্ডার থেকে শুরু করে ছাত্র ভর্তি সব ক্ষেত্রেই আশিসের প্রভাব ছিল ইর্ষণীয়।
প্রসঙ্গত, এর আগে বুধবার আরজি করে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখেও পড়েছিল তৃণমূলের এই ছাত্র নেতা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সেই শুনানিতে হাজির হয়েছিলেন আশিস। পুলিশি পাহারায় সেখান থেকে বেরোতেই জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রভাবশালী এই ছাত্র নেতা। স্লোগান উঠেছিল, চোর চোর।
এবার দুর্নীতির অভিযোগে হাতকড়া পরাল সিবিআই।