
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 20 January 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শনিবারই দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার রায়দান ঘোষণার কথা।
এদিনও নিজেকে নির্দোষ হিসেবে সঞ্জয় যেমন দাবি করেছে তেমনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিনও ফের সঞ্জয়ের ফাঁসির দাবিই জানানো হয়েছে। শিয়ালদহ আদালতে এদিন সিবিআইয়ের দাবি, এটি বিরলতম অপরাধ। ডিউটিতে থাকা একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন করা হয়েছে। তাই অপরাধীর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।
গত বছরের ৯ অগস্ট। কলকাতার আরজি কর হাসপাতালের (RG Kar Rape and Murder Case) নারকীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে। আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছিল সিবিআই।
সিবিআই প্রথম থেকেই অভিষুক্ত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির আবেদন করেছিল। চার্জশিটেও তাঁকে একা দোষী হিসেবে দাবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ) ধারা, ৬৬ ধারা (ধর্ষণের এমন আঘাত করা, যে কারণে মৃত্যু হতে পারে) এবং ১০৩ (১) ধারায় (খুন) তথ্য প্রমাণ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার ভিত্তিতে শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার দুপুরে রায়দান হবে।
আদালত সূত্রের খবর, সঞ্জয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তথ্যপ্রমাণ এনেছে তাতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড হতে পারে। গত ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া। অবশেষে ৫ মাস ১১ দিন পর সোমবার রায়দান করতে চলেছেন বিচারক।