
সুখেন্দুশেখর রায় ও কুণাল ঘোষ।
শেষ আপডেট: 18 August 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। শনিবার রাতে সোশ্যাল মাধ্যমে সুখেন্দুশখরের ওই পোস্ট ঘিরে শোরগোল তৈরি হয়েছে।
এ ব্যাপারে রবিবার সকালে পাল্টা টুইট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি কর মামলায় সুখেন্দুশেখরের বিচার দাবিকে সমর্থন জানালেও সিপি সংক্রান্ত দাবির তীব্র বিরোধিতা করে কুণাল লিখেছেন, 'দলের সিনিয়র লিডারের এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক'। সিপির পাশে দাঁড়ালেও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিষয়ে নীরব থেকেছেন কুণাল, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিন টুইটে কুণাল লিখেছেন, "আরজিকার মামলারও বিচার দাবি করছি। কিন্তু সিপি সংক্রান্ত এই দাবির তীব্র বিরোধিতা। তথ্য পাওয়ার পর তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি তার কাজ করছিল এবং তদন্ত একটি ইতিবাচক ফোকাসে ছিল।"
I also demand justice in RGKar case.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 18, 2024
But strongly oppose this demand regarding CP. After got information He has tried his best. Personally CP was doing his job and investigation was in a positive focus. This kind of post is unfortunate, that too from my senior leader. https://t.co/quLVsUEXCd
প্রসঙ্গত, কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষকেও হেফাজতে নিয়ে জেরার দাবি তুলেছেন সুখেন্দুশেখর। সোশ্যাল মাধ্যমের পোস্টে নিজের দাবির সপক্ষে একাধিক প্রশ্নও রেখেছেন তিনি। সুখেন্দুশেখরের মতে, "কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। তাহলেই জানা যাবে কীভাবে তাঁরা এতটা প্রভাবশালী, কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড।"
এর আগে আরজি কর কাণ্ডে 'রাতের দখল' নিয়ে আমজনতার প্রতিবাদকে সমর্থন করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বলেছিলেন, 'আমি মেয়ের বাবা, নাতনির দাদু হিসেবে এই প্রতিবাদে সামিল হব।' ওই রাতে হামলার ঘটনার পর নারী নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছিলেন। এ ব্যাপারে আইন আরও কঠোর করার আবেদন জানিয়েছিলেন তিনি।