
সঞ্জয় রায়
শেষ আপডেট: 3 January 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (RG Kar Rape Murder Case) হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় সাজা ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা । সিবিআই বৃহস্পতিবার শিয়ালদহ জেলা আদালতে জানায়, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভির ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে তারা মনে করছে সঞ্জয়ই দোষী।
গত ৯ অগাস্টে আরজি কর হাসপাতালে পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুন করেছিল ধৃত সঞ্জয়। যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে। তার প্রেক্ষিতে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বৃহস্পতিবার সিবিআই শিয়ালদহ আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে। আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।
সিবিআই সওয়ালে জানায়, 'এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক।'
সিবিআই জানায় ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। দু'মাস ধরে ৫০ জনের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। সেই সবের ভিত্তিতেই ফাইনাল ক্লোজিং জমা করেছে সিবিআই।
মনে করা হচ্ছে, আগামী সপ্তাহে এই মামলার সাজা ঘোষণা হতে পারে। ৪ তারিখ সঞ্জয়ের আইনজীবীর তরফে ফাইনাল ক্লোজিং দিতে বলা হয়েছে।