
শেষ আপডেট: 12 May 2022 13:03
দ্য ওয়াল ব্যুরো: ভারতে খুচরো মুদ্রাস্ফীতির (Retail Inflation) হার ফের বাড়ল। মার্চ মাসে দেশে খুচরো মুদ্রাস্ফীতি হার ছিল ৬.৯৫ শতাংশ। যা বেড়ে দাঁড়াল ৭.৭৯ শতাংশে। আরবিআই-এর ‘সহ্যের সীমা’ পার করেছে এই মুদ্রাস্ফীতির হার। গত চারমাসে পরপর বাড়ল এই মুদ্রাস্ফীতির হার। যদিও রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রকে এই হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাখতে বলেছে। কিন্তু বাস্তবে সেই হার বেড়েই চলেছে।
মোদী জমানায় খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক কেন্দ্রীয় রিপোর্টে এমনই তথ্য দেখা গেছে। এদিন এপ্রিল মাসের খুচরোর মুদ্রাস্ফীতির সূচক প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। সেই সূচক অনুযায়ী মার্চ মাসের তুলনায় মুদ্রাস্ফীতি বেড়েছে প্রায় o.৮৪ শতাংশ।
বিগত কয়েক মাস ধরেই দেশে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েই চলেছে। যার জেরে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। যা সামাল দিতে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ গত সপ্তাহতেই জানিয়েছিলেন এই মুদ্রাস্ফীতি সহজে কমবে না। তাঁর ধারণা যে অমূলক নয়, সেটাই প্রমাণিত হল কেন্দ্রের এই রিপোর্টে।
২০১৪ সালের পর এই মুদ্রাস্ফীতি হার সর্বোচ্চ হল। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর খুচরো মুদ্রাস্ফীতি এতটা বাড়ল। গত অক্টোবরে এই মুদ্রাস্ফীতি ৭.৬১ শতাংশে পৌঁছেছিল। এবার সেই সীমাও পার করে দিল। এপ্রিলে চাল-ডাল-আটা-ভোজ্য তেল সহ খাদ্যদ্রব্যের দাম আগের মাসের চেয়ে ৮ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আর শাক-সবজির দাম বেড়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ।
১০০ দিনের কাজ, আবাস যোজনায় বঞ্চিত বাংলা, মোদীকে নালিশ মমতার