
সান্দাকফু
শেষ আপডেট: 21 November 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: সান্দাকফুতে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। মৃতের নাম আশিস ভট্টাচার্য (৫৮)। জানা গেছে সান্দাকফুতে ওঠার পরেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর। সেখান থেকে তাঁকে দ্রুত সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। কলকাতার ভবানীপুরের বাসিন্দা ছিলেন তিনি।
পরিবারসূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর দার্জিলিং থেকে সান্দাকফুর দিকে রওনা দিয়েছিলেন আশিস। সঙ্গে ছিলেন আত্মীয়রা। সোমবার ধোতরেতে রাত কাটানোর পর মঙ্গলবার পৌঁছন সান্দাকফুতে। সেই রাতেই আশিসের শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত নিকটবর্তী সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি! প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার আশিসকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়। আজ বুধবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
১১ হাজার ৯২৯ ফুট উঁচুতে সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। জনপ্রিয় এই ট্রেকিং রুটে এখন ল্যান্ডরোভার গাড়ি চলতে শুরু করায় অনেক পর্যটকই উঠছেন। পর্বতারোহীরা মনে করছেন পাহাড়ে আচমকা বেশি উচ্চতায় শারীরিক সমস্যা হতেই পারে। অনেক সময়েই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হয়। আশিসও হয়তো রক্তচাপ ও উচ্চতার ধাক্কা একসঙ্গে সামলাতে পারেননি। চলতি বছরে মে মাসেই উত্তর দিনাজপুরের বাসিন্দা ২৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছিল সান্দাকফুতে। ২০২২ সালে অক্টোবর মাসে ইজরায়েলের এক পর্যটকের মৃত্যু হয়।
চলতি বছরে এই নিয়ে দুজন পর্যটকের মৃত্যুর পর পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য আরও কড়া নিয়ম চালু করার কথা ভাবছে প্রশাসন। শারীরিক পরীক্ষার পরেই ছাড়পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে। দার্জিলিং সদরের মহকুমাশাসক রিচার্ড লেপচা বলেন, ‘‘ জিটিএ-র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হবে। আগামী সপ্তাহ থেকে তা কার্যকর করা হবে।’’