দ্য ওয়াল ব্যুরো : শিবসেনা মুখ খুলেছিল আগেই। কাইরানার উপনির্বাচনে ফলপ্রকাশের পরেই বিজেপির বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছে অপর শরিকরাও। তাদের বক্তব্য, এনডিএ-র বড় শরিক অন্যদের সঙ্গে বড়দা সুলভ আচরণ যেন না করে ।
এখনও এক বছর হয়নি জনতা দল ইউনাইটেডের নীতীশ কুমার কংগ্রেস ও আরজেডিকে ত্যাগ করে জোট বেঁধেছেন বিজেপির সঙ্গে। এবার
তিনিই বলেছেন, শরিকরা সবসময় সমর্থন করবে এমনটা যেন বিজেপি না ভাবে। কেন্দ্রীয় সরকারের নানা কাজকর্মে দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এই ক্ষোভে ঘৃতাহুতি দিয়েছে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি।
নীতীশের দলের অপর নেতা কে সি ত্যাগী বলেন, এনডিএ এক বিরাট বড় জোট। আশা করি জোটের সবচেয়ে বড় দলের নেতা হিসাবে অমিত শাহ ছোট শরিকদের সব কথা জানাবেন।
বিহারের আর এক এনডিএ শরিক আরএলএসপি আরও কঠোর ভাষায় বলেছে, শরিকদের প্রতি বিজেপির আচরণ 'বড়দা সুলভ' । দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা এক বিবৃতিতে বলেছেন, এনডিএ-র মধ্যে যে অসন্তোষ দানা বেঁধে উঠেছে তা আর গোপন নেই। বিজেপির বড়দা সুলভ আচরণই এর জন্য দায়ী।
বিজেপির নেতা তথা সাংবাদিক চন্দন মিত্রও বলেছেন, এনডিএ পরিবারে ফাটল দেখা দিয়েছে। সেজন্য আমাদের সতর্ক হতে হবে।