দ্য ওয়াল ব্যুরো : আট জন উদ্ধার পেয়েছে আগেই। এবার ফাইনাল মিশন। বাকি পাঁচ জনকে উদ্ধার করার জন্য শেষবারের মতো গুহায় ঢুকলেন ডাইভাররা।
তাইল্যান্ডের সেই অন্ধকার গুহায় আটকে রয়েছে চার কিশোর ফুটবলার। রয়েছে তাদের কোচ। মঙ্গলবার সকালে স্থানীয় সময় ১০ টা বেজে ৮ মিনিটে তাদের খোঁজে গুহার ভিতরে ঢুকেছেন ত্রাণকর্মীরা।
ত্রাণকর্মীদের প্রধান নারংসাক অসত্যানাকরণ জানিয়েছেন, পাঁচজনকে একসঙ্গেই বার করে আনা হবে।
কখন তাদের বাইরে নিয়ে আসা হবে?
যতদূর জানা যাচ্ছে ১০-১২ ঘন্টা পর্যন্ত লাগতে পারে।
গত ২৩ জুন মাঠে ফুটবল প্র্যাকটিস সেরে ওই গুহায় ঢুকেছিল ওয়াইল্ড বুয়র নামে এক ফুটবল টিমের ১২ জন। তাদের বয়স ১১ থেকে ১৬-র মধ্যে। সঙ্গে ছিল তাদের কোচ। তার বয়স ২৫।
তারা গুহায় অনেকদূর ঢুকেছে, এমন সময় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির জল হুড়হুড়িয়ে ঢুকে পড়ে গুহায়। ১৩ জন মিলে এক উঁচু ঢিপিতে আশ্রয় নেয়।
কিশোর ফুটবলারদের আটকে পড়ার খবরে হইচই শুরু হয় সারা বিশ্বে। তার পরে নানা দেশ থেকে দক্ষ ডুবুরিরা রেসকিউ অপারেশনে সাহায্য করতে আসেন।
আটকে পড়ার নদিন বাদে প্রথম আটকে পড়াদের সন্ধান পান এক ব্রিটিশ ডুবুরি। পরে মৃত্যুও হয় এক ত্রাণকর্মীর।