
শেষ আপডেট: 19 February 2024 21:50
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি থেকে রিপাবলিকের এক সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ। রিপাবলিক বাংলার ওই সাংবাদিকের নাম সন্তু পান। এই বিষয়ে বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান বলেন, এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতি এখন তোলপাড়। সন্দেশখালির ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ধারাবাহিক ভাবে রোজই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বা বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমে দেখানো হচ্ছে। তবে এ ব্যাপারে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালির ঘটনা নিয়ে কেউ কেউ অপব্যাখ্যা করছে। তাঁর কথায়, সংবাদমাধ্যমের একাংশ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যা প্রচার বা অপপ্রচার করছে। সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু মিথ্যা প্রচার করে সমাজে অস্থিরতা তৈরি করলে তা বরদাস্ত করবে না প্রশাসন।
সাংবাদিককে গ্রেফতার করার বিষয়ে বসিরহাটের এসপি জানান, এক মহিলা তাঁদের কাছে অভিযোগ করেন, তিনি যখন বাড়িতে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ছিলেন তখন ওই সাংবাদিক প্রায় জোর করে বাড়িতে ঢুকতে চান। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে সন্দেশখালির ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয়েছে।
তৃণমূল নেতা শাহজাহান এবং তাঁর দুই অনুগামী উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের ভূরিভূরি অভিযোগ। বাকি দু'জন গ্রেফতার হলেও শাহজাহান এখনও অধরা। তার মধ্যেই সাংবাদিককে গ্রেফতার করার ঘটনা ঘটল।