দ্য ওয়াল ব্যুরো: বিশিষ্ট সঙ্গীতশিল্পী, তবলাবাদক পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান। মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুমাস তিনি ভর্তি ছিলেন কলকাতার একটি নামী সুপার স্পেশালিটি হাসপাতালে। জুলাইয়ে সেখানে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একমো সাপোর্টে রাখা হয়। কিন্তু বুধবার দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে খবর, জুনে তিনি করোনায় আক্রান্ত হন। তার আগে অবশ্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন। তারপরও মারণ ভাইরাস থেকে রেহাই পাননি। ২ জুলাই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংস্থার খবর, কোভিড পরবর্তী নানা জটিলতা দেখা দেয় তাঁর। তীব্র রেনাল ফেলিওর হয়।
বর্তমান প্রজন্মের তবলিয়াদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। দেশে-বিদেশে বহু অনুষ্ঠানে নামী শিল্পীদের সঙ্গে যোগ্য সঙ্গত করে প্রশংসা, খ্যাতি পেয়েছেন। বাজিয়েছেন পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, এম বালমুরলীকৃষ্ণ, আমজাদ আলি খান, বিরজু মহারাজ, উস্তাদ রশিদ খানের সঙ্গে। সোলো পারফরম্যান্সও করেছেন বহু অনুষ্ঠানে। শিক্ষক হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর ছাত্রছাত্রীর সংখ্যা অগণিত। তাঁদের সবার প্রার্থনা ব্যর্থ করে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া ছড়িয়েছে সঙ্গীত মহলে।