
শেষ আপডেট: 10 July 2023 09:39
গ্যাংটকের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্ট নিয়ে পাশ করেন শেফ আজাদ আরিফ (Renowned chefs Italian recipe)। এরপর তিনি সতেরো বছর ধরে মুম্বই, ব্যাঙ্গালুর এবং কলকাতার বিভিন্ন অভিজাত হোটেল এবং রেস্তোরাঁয় শেফ হিসাবে চাকরি করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ফরচুন আইটিসি, রাহেজা গ্রুপ দ্য রিসোর্ট, র্যাডিসন পার্ক প্লাজা ইত্যাদি। মুম্বই শহরে 'কা' হসপিটালিটি গ্রুপ অফ রেস্তোরাঁয় থাকাকালীন সঞ্জয় দত্ত, শাহরুখ খান, রণবীর কাপুর, ইমরান হাশমি প্রমুখ হেভি ওয়েট সেলিব্রেটিরা তাঁর হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়েছেন। বর্তমানে অ্যাস্টর হোটেলের এক্সিকিউটিভ শেফ আজাদ। তিনি মূলত ইতালিয়ান ক্যুইজিন (Italian cuisine) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন।
লিমনচেলো সরবত
উপকরণ:
চিনি ২০০ গ্রাম
সি সল্ট ৩৫০ গ্রাম
ইটালিয়ান লাইম ১৫০ গ্রাম
ফ্রেশ লেবুর জুস ২৪০ এম এল
পুদিনা পাতা ৫ টা
লিমনচেলো লিকার ১২০ এম এল
ঠান্ডা জল ৫৫০ এম এল
লেবুর খোসা গুঁড়ো ১০ গ্রাম
পদ্ধতি:
প্রথমে আগুনে মাঝারি আঁচে প্যান বসিয়ে গরম হলে চিনি, এক কাপ জল, পুদিনা পাতা দিয়ে ভাল করে ফোটাতে হবে। চিনি গলে গেলে পাঁচ মিনিট পর এই জল আগুন থেকে নামিয়ে বাটিতে রাখতে হবে। এরপর বাটির মধ্যে লেবুর খোসা গুঁড়ো দিয়ে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে ঠান্ডা করতে দিতে হবে। এবারে বাকি জল, লেবুর জুস, লিমনচেলো লিকার দিয়ে সিরাপ তৈরি করতে হবে। এরপর উল্লিখিত দুটি সিরাপকে ঠান্ডা অবস্থায় একত্রিত করে আইসক্রিম মেকারের মধ্যে দিয়ে ফ্রিজে ছয় ঘন্টা জন্য রাখতে হবে। ছয় ঘন্টা পর এই মিশ্রণ জমাট বেঁধে গেলে ফ্রিজ থেকে বের করে সার্ভিং ডিশে ঠান্ডা পরিবেশন করতে হবে। এটি অত্যন্ত সুস্বাদু ইতালিয়ান একটি ডেজার্ট।

ক্রেসপেলে
উপকরণ:
দুধ ৩৫০ এম এল
ডিম ৪ টে
নুন ছাড়া বাটার ৬০ গ্রাম
ময়দা ১২০ গ্রাম
অলিভ অয়েল ২০ এম এল
নুন ১০ গ্রাম
রিকোটা ফিলিং এর উপকরণ:
বাটার ৯০ গ্রাম
দুধ ৩০ এম এল
ময়দা ৯০০ গ্রাম
নুন ১৫ গ্রাম
গোলমরিচের গুঁড়ো ১ চিমটে
জায়ফল গুঁড়ো ৫ গ্রাম
টোম্যাটো পিউরি ৫০এম এল
পিঁয়াজ কুঁচি ৩০ গ্রাম
রসুন কুঁচি ২৫ গ্রাম
কচি পালং শাক ৫০০ গ্রাম
অলিভ অয়েল ৩০ এম এল
রিকোটা চিজ ৫০ গ্রাম
ডিম ১ টা
পদ্ধতি:
ননস্টিক প্যান আগুনে বসিয়ে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে শুকনো টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। যাতে অল্প তেল প্যানে লেগে থাকে সেভাবেই মুছতে হবে। এরপর এরমধ্যে নুন ছাড়া বাটার, ময়দা, দুধ, ডিম, নুন দিয়ে ভাল করে নাড়তে হবে। দু- তিন মিনিটের মধ্যে লাইট গোল্ডেন ব্রাউন রঙ ধরলে তখন এই ব্যাটারকে আলাদা করে সরিয়ে রেখে অন্য একটি বাটিতে ঢেলে রাখতে হবে। ক্রেসপেলে সস তৈরি হল।
এরপর কড়াইতে মাঝারি আঁচে প্যান বসিয়ে অলিভ অয়েল দিয়ে গরম হলে পেঁয়াজ ও রসুন কুঁচি, পালং শাক দিয়ে নাড়িয়ে ঢাকা দিতে হবে। যতক্ষণ না পালং শাক সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পালং শাক ঠান্ডা হয়ে গেলে প্যান থেকে নামিয়ে রাখতে হবে। ছুরির সাহায্যে শাক কুঁচি করে নিতে হবে। এবারে একটি বাটিতে সেদ্ধ পালং শাক কুঁচি, রিকোটা চিজ, বাটার, দুধ, ময়দা, ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো, জায়ফলের গুঁড়ো একসঙ্গে ভাল করে নাড়িয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এরপর ওভেন ৪০০ ডিগ্রী ফারেনহাইটে প্রি-হিট করতে হবে।

ওভেনের ডিশে সেদ্ধ করা পালং শাকের মিশ্রণ দিয়ে গরম হলে প্যানকেকের মতো ভাঁজ করতে হবে। এরপর প্যান কেকের উপর ক্রেসপেলে সস দিয়ে তার উপর আবার টোম্যাটো পিউড়ি এবং চিজ গ্রেট করে দিতে হবে। এবারে এটি ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে দিয়ে ১০ মিনিট বেক করতে হবে। দুপাশে গোল্ডেন ব্রাউন রঙ ধরলে তখন ওভেন থেকে বের করে নিতে হবে। এরপর সার্ভিং ডিশে গরম পরিবেশন করতে হবে। এটি একটি ইতালিয়ান মেনকোর্স।
ঠাকুর বাড়ির রান্না শেখালেন সেলেব শেফ, এঁচোড়ের পুরভরা পটল পূরণ ও প্রজ্ঞাসুন্দরী দেবীর মটন ভিন্দালু