
শেষ আপডেট: 18 October 2023 13:28
দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী প্রয়াত হয়েছেন। বুধবার সকালে আরজি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর।
মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন শহরের প্রবীণ ফটো জার্নালিস্ট সুধীর উপাধ্যায়। চার দশকের বেশি নিউজ ফটোগ্রাফির সঙ্গে যুক্ত ছিলেন কলকাতার সংবাদমাধ্যমে ‘গুরুজি’ নামে পরিচিত সুধীর উপাধ্যায়। হিন্দি দৈনিক ‘সন্মার্গ’-এর এই ফটো জার্নালিস্টের কাছে কলকাতার বহু নিউজ ফটোগ্রাফারের হাতেখড়ি হয়।
অমল চক্রবর্তী বয়সজনিত অসুখে ভুগছিলেন বেশ কয়েক বছর। একটি চোখে দৃষ্টিশক্তিই ছিল না, অন্যটিতেও তেমন একটা দেখতেন না। তবু কাজ থামাননি। বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন-এ বুধবারের সংস্করণেও তাঁর জনপ্রিয় পকেট কার্টুন ‘অমল আলোয়’ প্রকাশিত হয়েছে। নানা সময়ে বলেছেন, ‘কার্টুন প্রথম ভালবাসা। আমৃত্যু কাজ করে যেতে চাই।’ একটা সময় অধুনা বন্ধ যুগান্তর কাগজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।