
মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল বোস ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
শেষ আপডেট: 8 September 2024 23:59
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানানো হয়েছে।
সংবাদ সংস্থার দাবি, এজন্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অবিলম্বে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকারও অনুরোধ করেছেন। তবে এ ব্যাপারে রাজভবন বা নবান্ন সূত্রে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
আরজি করের বিচারের দাবিতে রবিবারও কলকাতা থেকে জেলা, লোকে লোকারণ্য। সেখানেও উঠে আসছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এদিন যাদবপুরে প্রতিবাদীর মঞ্চ থেকেও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন আরজি করের নির্যাতিতার দাদা থেকে কাকিমা, পরিবারের বাকি সদস্যরাও। নির্যাতিতার দাদা বলেছেন, 'বোনের দেহটা রেখে দিতে চেয়েছিলাম, পুলিশের তৎপরতায় পারিনি'।
সংবাদ সংস্থা সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে যেভাবে মানুষে ক্ষোভ বাড়ছে তা প্রশমনে অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণের জন্য এদিন সন্ধেয় মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন রাজ্যপাল। তবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যপালকে কী বলা হয়েছে তা অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, আরজিল করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। গত বুধবার আরজি করে প্রতিবাদীদের মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার চেষ্টার অভিযোগও এনেছিলেন নির্যাতিতার বাবা। দেহ সৎকারে পুলিশি তৎপরতার প্রসঙ্গও টেনে এনেছিলেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও বারে বারে পুলিশের বিরুদ্ধে তদন্তের তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সরব হয়েছেন।
রাজ্যপালের মতে, যেভাবে পুলিশের বিরুদ্ধে জনরোষ বাড়ছে তাতে অবিলম্বে পুলিশ কমিশনারকে অপসারণ করা উচিত। প্রসঙ্গত বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সম্প্রতি লালবাজারে ঘেরাও অবস্থান করেছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। এমনকী টানা ২৩ ঘণ্টা ধর্না বিক্ষোভের পর বিনীত গোয়েলের হাতেই পুুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে এসেছিলেন তাঁরা।