দ্য ওয়াল ব্যুরো: ‘বিদেশে ভারতীয়রা বিপদে পড়লেই এগিয়ে আসতেন সুষমা স্বরাজ। আগলে রাখতেন ঠিক মায়ের মতোই। আমাকেও বাঁচিয়েছিলেন একবার, ’ প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন টেলি তারকা করণবীর ভোরা।
টেলি দুনিয়া শুধু নয়, বলিউড ছবিতেও পরিচিত মুখ করণবীর। টুইটারে তিনি লিখেছেন, "সুষমাজির প্রয়াণের খবর শুনে স্তম্ভিত। দেশের জন্য তাঁর অবদান ভোলার নয়।" স্মৃতির পথে হেঁটে করণবীর জানিয়েছেন, পাসপোর্টের সমস্যায় মস্কোতে একবার তাঁকে আটক করেছিল পুলিশ। সেই সময় বিদেশমন্ত্রী ছিলেন সুষমা। তাঁকে পুরো ব্যাপারটা জানাতেই ভারতী দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেন তিনি।
https://twitter.com/KVBohra/status/1158822773394817024
চলতি বছর জানুয়ারিতেই মস্কো গিয়েছিলেন করণবীর। জানিয়েছেন, তাঁর পাসপোর্টে সমস্যা ছিল। বিমানবন্দরেই তাঁকে আটকায় পুলিশ। অভিনেতার কথায়, "খুব ভয় পেয়ে গেছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। সুষমাজির সঙ্গে যোগাযোগ করি। উনিই ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে টেম্পোরারি পাসপোর্টের ব্যবস্থা করে দেন।"
বিদেশে বিপদে পড়লে ভারতীয়দের পাশে সবসময় থাকতেন তিনি। শুধু ভারতীয়ই নয়, জরুরি ও মেডিক্যাল কারণে ভারতে আসার দরকার থাকলে বিদেশিদেরও দ্রুত ভিসা পেতে সাহায্য করেছেন বহুবার। টুইটে মানবিক ও মজার জবাবও দিতেন তিনি, যার থেকে তাঁর মমত্ব ও রসবোধের পরিচয় পাওয়া যেত। মঙ্গলবার সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে শেষ টুইটটি করেন। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ১ কোটি ৩০ লক্ষ। তাঁর শেষ টুইটটি দেড় লক্ষটি লাইক পেয়েছে, রিটুইট হয়েছে ৩৭ হাজার বার।
https://twitter.com/narendramodi/status/1158801416120459264
সুষমা স্বরাজের প্রয়াণে এ দিন টুইটারে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘'ভারতের রীজনীতির এক উজ্জ্বল অধ্যায় শেষ হল। ভারত এমন একজন নেত্রীকে হারাল যিনি দেশবাসীর সেবায় নিজেকে নিয়োগ করেছিলেন। গরীবের পাশে দাঁড়িয়েছিলেন। সুষমাজি কোটি কোটি ভারতবাসীর আদর্শ ও অনুপ্রেরণা।’'