দ্য ওয়াল ব্যুরো: করোনা সারাতে অ্যান্টি-রেট্রোভিয়াল ওষুধ রেমডেসিভির খুব একটা আশাপ্রদ হচ্ছে না বলেই দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । বিশ্বজুড়েই ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে রেমডেসিভির ওষুধের প্রয়োগে করোনা রোগীদের মৃত্যুর ঝুঁকি কমার সম্ভাবনা ক্ষীণ। পাঁচ দিনের ডোজে সংক্রমণ সারার যে দাবি করেছিল রেমডেসিভিরের নির্মাতা সংস্থা গিলিয়েড সায়েন্সেস, ট্রায়ালে তারও প্রমাণ মেলেনি। এমনটাই দাবি হু-র বিজ্ঞানীদের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ধরা পড়ার পরে শুরু থেকেই তাঁকে রেমডেসিভিরের থেরাপিতে রাখা হয়েছিল। পরে স্টেরয়েডের ডোজ শুরু করেন মিলিটারি হাসপাতালের ডাক্তাররা। হু দাবি করেছে, রেমডেসিভির ওষুধের থেরাপিতে করোনা সংক্রমণ কমে যাওয়ার কোনও সম্ভাবনা দেখা যায়নি। হাসপাতালে ভর্তি সঙ্কটাপন্ন রোগীদেরও এই ওষুধের ডোজ নিয়ে দেখা গেছে মৃত্যুর ঝুঁকি কমেনি।
হু কেন দাবি করল করোনা রুখতে ব্যর্থ রেমডেসিভির?
বিশ্বের ৩০টি দেশের ১১ হাজার ২৬৬ জন করোনা রোগীর উপরে রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যান্টি-এইচআইভি ড্রাগ লোপানিভির ও রিটোনাভিরের সলিডারিটি ট্রায়ালের রিপোর্ট সামনে এনে হু দাবি করেছে, এইসব কটি ওষুধই করোনা সারাতে ব্যর্থ। হু-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনের বক্তব্য, এইচআইভির ড্রাগ লোপানিভির ও রিটোনাভিরের ট্রায়াল জুন মাসেই বন্ধ হয়ে গিয়েছিল। বাকি ওষুধগুলির ট্রায়াল চলছিল পাঁচশোরও বেশি হাসপাতালে। এর মধ্যে হাজারের বেশি রোগীকে রেমডেসিভিরের থেরাপিতে রাখা হয়েছিল।
২৮ দিন ধরে রেমডেসিভির ওষুধের ডোজে কোনও রোগীরই শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এমনকি সঙ্কটাপন্ন রোগীদেরও ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করা যায়নি। হু-র গবেষকদের দাবি, অ্যান্টিরেট্রোভিয়াল ওষুধে সংক্রমণ সেরে যাওয়ার যে রিপোর্ট জমা করেছিল গিলিয়েড সায়েন্সেস তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি রোগীদের উপরে।
ল্যাবরেটরিতে প্রি-ক্লিনিকাল ট্রায়ালে পশুদের শরীরে এই ওষুধ খুব ভালভাবে কাজ করেছিল বলে দাবি করে গিলিয়েড। সেই রিপোর্টের ভিত্তিতেই করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য এই ওষুধকে বেছে নিয়েছিল আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)অনুমোদনে করোনা রোগীদের উপরে রেমডেসিভিরের কন্ট্রোলড ট্রায়াল শুরু হয়েছিল। গিলিয়েড দাবি করেছিল, মাঝারি সংক্রমণ শুধু নয়, সঙ্কটাপন্ন কোভিড রোগীরাও সুস্থ হচ্ছেন রেমডেসিভিরের প্রয়োগে। পাঁচ থেকে দশদিনের কোর্সেই ওষুধের ফল দেখা যাচ্ছে।
ক্লিভল্যান্ড ক্লিনিকের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার আদর্শ ভীমরাজ বলেছেন, শুধুমাত্র ভেন্টিলেটর সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট দিতে হবে যে করোনা রোগীদের তাদের থেরাপিতেই ব্যবহার করা যেতে পারে রেমডেসিভির। সাম্প্রতিক সময় এই ওষুধের কার্যকারীতা নিয়ে যে দাবি করা হয়েছে তাতেও খুব একটা সন্তোষ মেলেনি বলেই জানিয়েছেন তিনি।