
শেষ আপডেট: 10 July 2022 09:14
দ্য ওয়াল ব্যুরো: মূল্যবৃদ্ধির (Price Hike) প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন যুবক। পথনাটিকার (Street Play) মাধ্যমে ফুটিয়ে তুলছিলেন বর্তমান পরিস্থিতি। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেই যে ছিল সেই পথনাটিকার সুর, তা বলাই বাহুল্য। ধর্মীয় ভাবাবেগে (Religious Sentiment) আঘাতের অভিযোগে তাকে আটক করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে অসমে (Assam)। অভিযোগ, ভগবান শিবের মতো সেজে নাটক করছিলেন যুবক। তাঁর সঙ্গে এক মহিলাও ছিলেন, তিনি হয়েছিলেন পার্বতী। শিব-পার্বতী সেজে পথনাটিকা করতে গিয়েই বিপাকে পড়লেন তাঁরা।
আটক যুবকের নাম বিরিঞ্চি বোরা। শনিবার শিবের সাজে রাস্তার মধ্যেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাটক করছিলেন তিনি। তাঁর সেই নাটকের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল। ভাইরাল হয়েছিল ভিডিও। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দু সংগঠনগুলি এই ভিডিও ভাল চোখে দেখেনি। এমন কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিল তারা। তারাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বিরিঞ্চি বোরার নাটক তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপরেই অসমের নাগাওঁ সর্দার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় ওই যুবককে।
কী এমন ছিল ওই নাটকে?
দেখা গিয়েছিল, শিব-পার্বতীর সাজে দুজন বাইকে চেপেছেন। কিন্তু হঠাৎ সেই বাইক থেমে যায়, কারণ তেল শেষ হয়ে গেছে। এরপর শিব আর পার্বতীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, বাইকের তেল শেষ হয়ে যাওয়ার জন্য ‘শিব’ দোষারোপ করতে শুরু করেন দেশের সরকারকে। এরপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামার জন্য জনগণকেও আহ্বান জানান শিবরুপী ওই যুবক।
বস্তুত, ধর্মীয় ভাবাবেগ নিয়ে সম্প্রতি দেশ উত্তপ্ত। কিছুদিন আগেই পরিচালক লীনা মণিমেকালাইয়ের তথ্যচিত্রের পোস্টারে মা কালীর সিগারেট খাওয়া রূপ নিয়ে তুলকালাম হয়েছে। সেই বিতর্ক এখনও থামেনি। তার মাঝেই আরও এক হিন্দু দেবতার সাজ নিয়ে শুরু হল বিতর্ক।
আরও পড়ুন: আমার কালী সিগারেট খেলে আপত্তি কী?, ‘বিজেপি ইতিহাস-টিতিহাস জানে না’