দ্য ওয়াল ব্যুরো : শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্স রিটেলস তার কিছু পরিমাণ শেয়ার বিক্রি করতে পারে মার্কিন ইকুইটি ইনভেস্টর সংস্থা সিলভার লেককে। ওই সংস্থার সঙ্গে কয়েকদিন ধরে কথা চলছে রিলায়েন্সের। একটি সূত্রে খবর, রিলায়েন্স রিটেলের ১.৭ অথবা ১.৮ শতাংশ বিক্রি করা হতে পারে। তার দাম ৭৫০০ কোটি টাকা।
সিলভার লেক যদি সত্যিই ওই শেয়ার কেনে, তাহলে রিলায়েন্স রিটেলের মূল্য দাঁড়াবে ৪ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। রিলায়েন্সের একটি সূত্র থেকে জানা যায়, রিলায়েন্স রিটেলের জন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে চান মুকেশ অম্বানী। তাই তিনি আগেও বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে কথা বলেছেন। রিলায়েন্স রিটেলের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা মিডিয়ার খবর নিয়ে কোনও মন্তব্য করবেন না।
কিছুদিন আগে কিশোর বিয়ানির ফিউচার গ্রুপের খুচরো বিপণন চেন কিনে নিয়েছে রিলায়েন্স। ২৪ হাজার ৭১৩ কোটি টাকায় এই অধিগ্রহণ হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার এই মালিকানা বদল হয়েছে দুই সংস্থার মধ্যে।
এই অধিগ্রহণের ফলে এবার থেকে ফিউচার রিটেলের প্রায় ১৮০০ ও ফিউচার লাইফস্টাইলে ৩৫০-র বেশি বিপণি রিলায়েন্সের অধীনে এল। তার মধ্যে রয়েছে বিগ বাজার, এফবিবি, ইজি ডে, ডব্লুএইচ স্মিথ, হেরিটেজ ফ্রেশের মতো বিপণি। অবশ্য শুধুমাত্র ফ্যাশন ও লাইফস্টাইল সংক্রান্ত বিপণির হস্তান্তর হয়েছে। ফিউচার গ্রুপের বিমা ও আর্থিক পরিষেবা সংক্রান্ত ব্যবসার হস্তান্তর হয়নি বলেই জানা গিয়েছে।
সম্প্রতি অ্যামাজনের কর্ণধার জেফ বেজসের সঙ্গে ভারতে ব্যবসায় টক্কর দেওয়া শুরু করেছে রিলায়েন্স। সাম্প্রতিক সময়ে তাদের একের পর এক কর্মকাণ্ড সেই ইঙ্গিতই দিচ্ছে। আর সেই কারণেই একের পর এক রিটেল চেন কিনে নিচ্ছে রিলায়েন্স। সেই তালিকায় নতুন সংযোজন ফিউচার গ্রুপ। বিগ বাজার এবার অম্বানীদের হাতে আসায় ফ্যাশন ও লাইফস্টাইলের ক্ষেত্রে ভারতের একটা বড় বাজার তারা ধরে ফেলবে বলেই মনে করছে বাণিজ্যিক মহল।
লকডাউনের ফলে বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পপতিদের ব্যবসা যেখানে মার খাচ্ছে, সেখানে তার উল্টো ছবিটা দেখা যাচ্ছে রিলায়েন্সের। মে মাসে বিশ্বের ধনীতমদের তালিকায় ১৭ নম্বর স্থানে চলে গিয়েছিলেন মুকেশ অম্বানী। সেখান থেকে গত তিন মাসে তিনি চার নম্বরে উঠে এসেছেন। তার একটা অন্যতম কারণ হল, লোকসানের পরেই নিজের সংস্থায় একের পর এক বিনিয়োগ আনতে সক্ষম হয়েছেন তিনি। ফেসবুক, গুগল রিলায়েন্সের শেয়ার কিনেছে। তার ফলে একদিকে যেমন টাকা এসেছে, অন্যদিকে তেমনই রিলায়েন্সের শেয়ারের মূল্যও বেড়েছে।