
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2024 22:03
দ্য ওয়াল ব্যুরো: পরিবারের আপত্তিতে প্রেমের সম্পর্ক থেকে সরে এসেছিল দশম শ্রেণির ছাত্রী। রবিবার ছুটির দুপুরে ফাঁকা রাস্তায় পেয়ে সেই প্রেমিকার মাথায় ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে জখম হয়েছেন নাবালিকার মাও। পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়াম এলাকার ঘটনা।
স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় নাবালিকাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের সন্ধান চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধারাপাড়ি মাঠপাড়ার বাসিন্দা ওই ছাত্রী গুসকরা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। অন্যদিকে অভিযুক্ত যুবক রাজমিস্ত্রির কাজ করেন। দু’জনেরই একই পাড়াতে বাড়ি।
প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন, ওই ছাত্রীটির সঙ্গে যুবকের কয়েকমাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তা ছিল খুবই ক্ষণস্থায়ী। বিষয়টি জানতে পারার পর মেয়েকে বোঝান পরিবারের লোকজন। পরিবারের কথা মতো সম্পর্ক থেকে সরে এসে পড়াশোনায় মন দেয় ছাত্রীটি। তবে বিষয়টি মেনে নেয়নি ছেলেটি।
জানা গিয়েছে এদিন মা ও ভাইয়ের সঙ্গে পাড়ার একটি দোকানে যাচ্ছিল মেয়েটি। অভিযোগ, তখনই ওই যুবক তাঁদের রাস্তা আটকে আচমকা হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে মেয়েটির মাথায় কোপ মারে। বাঁচানোর চেষ্টা করলে ছাত্রীর মাকেও আঘাত করে। চিৎকার করে লোকজন ডাকাডাকি করলে যুবক পালিয়ে যায়।
প্রসঙ্গত, এদিনই বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।