
শেষ আপডেট: 7 February 2024 22:55
দ্য ওয়াল ব্যুরো: বহিস্কারের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র। আদালত অবমাননা মামলায় তাঁকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দর সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুবীর মৈত্র।
রেজিস্ট্রারের আইনজীবী অরুণাংশু চক্রবর্তী জানিয়েছেন, সিঙ্গল বেঞ্চ একটি আদালত অবমাননার মামলায় বহিস্কারের নির্দেশ দিতে পারে না। তাছাড়া রেজিস্ট্রারের কোনও বক্তব্য না শুনেই ওই নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। তাই শীর্ষ আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসরকালীন বয়সের সমসসীমা নির্ধারণের দাবিতে হাইকোর্টে মোট চারটি মামলা দায়ের হয়েছিল। পার্থ ঘোষ নামে মামলাকারীর অভিযোগ ছিল, ১৯৮৫ সালের বিধি অনুযায়ী তাঁকে অধ্যাপক সমতুল্য গণ্য করে অবসরের সময়সীমা নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে তাঁর অবসরের বয়সসীমা ৬৫ বছর হওয়া উচিত। তা সত্ত্বেও তাঁকে ৬০ বছরে অবসরের চিঠি ধরানো হচ্ছে। এই মামলাতেই আদালতের নির্দেশ না মানায় রেজিস্ট্রারকে বহিস্কারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি চন্দ। সেই মতো তাঁকে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন রেজিস্ট্রার। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন রেজিস্ট্রার।
প্রসঙ্গত, আদালত অবমাননার মামলায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার সুবীর মৈত্র আদালতে উপস্থিত হননি। তারপরই তাঁর বিরুদ্ধে ওই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ।