
শেষ আপডেট: 28 February 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা আগেই জানিয়েছিল নবান্ন। বুধবার এ ব্যাপারে নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ- পঞ্চায়েতের তিনটি স্তরে মোট ৬হাজার ৬৫২ জনকে নিয়োগ করা হবে। ত্রিস্তর পঞ্চায়েতের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে।
সূত্রের খবর, নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত ১১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হল।
জানা গেছে, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর শূন্যপদ রয়েছে। এগুলি পূরণ না হওয়ায় বহু জায়গায় সরকারি কাজে অসুবিধা হচ্ছিল। এবার নবান্ন এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পঞ্চায়েতের ত্রিস্তরে কর্মী সঙ্কটের অবসানও হবে।
১১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতের ত্রিস্তরে সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগের পাশাপাশি দমকল বিভাগের ফায়ার অপারেটর পদেও ১ হাজার জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শীঘ্রই এ ব্যাপারেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রের খবর।