
মানিক ভট্টাচার্য। ফাইল ছবি।
শেষ আপডেট: 13 September 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: জামিন পেয়েও জেলমুক্তি ঘটল না! অগত্যা ফের আদালতের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জেলবন্দি মানিক ভট্টাচার্য।
২০২২ সালের ১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন পলাশীপাড়ার বিধায়ক। ২৩ মাস জেলবন্দি থাকার পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি।
আদালত জানিয়েছিল, ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও ১০ লক্ষ টাকার রেজিস্ট্রার বন্ডে জামিন নিতে হবে মানিককে। সূত্রের খবর, জটিলতা তৈরি হয় ১০ লক্ষ টাকার রেজিস্ট্রার বন্ডকে ঘিরে। এই বন্ড কিনতে হয় মুহুরিদের কাছ। কিন্তু একদিনে একজন মুহুরি সর্বোচ্চ ৫০ হাজার টাকার বন্ড বিক্রি করতে পারেন। অর্থাৎ ২০ জন মুহুরি প্রয়োজন। এক্ষেত্রেই সমস্যা দেখা দেওয়ায় শুক্রবার ফের আদালতের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য।
অর্থাৎ জেলমুক্তির পরও আরও একটা দিন জেলেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের পাশাপাশি তাঁর স্ত্রী এবং ছেলেকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্ট পরে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন পান মানিকের পুত্র শৌভিক।
তবে জামিন পেলেও মানিকের ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে আদালত।মানিকের পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। প্রমাণ লোপাটের কোনও চেষ্টা করা যাবে না। দুর্নীতিমুলক কোনও কাজ করা যাবে না, এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না ।
বিচারপতি তাঁর নির্দেশে এও জানান, তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে মানিক ভট্টাচার্যকে। নিজের ফোন নম্বর দিয়ে রাখতে হবে তাঁদের।