
শেষ আপডেট: 16 March 2023 05:59
দ্য ওয়াল ব্যুরো: চিংড়িহাটার (Chingrihata) এক ব্যাবসায়ীর বাড়িতে হঠাৎ হানা দিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। টানা ১৫ ঘন্টা তল্লাশির পরে মিলল লক্ষ লক্ষ টাকা। সূত্রের খবর, শুধু টাকা (Money) নয়, সল্টলেকের সুকান্তনগর এলাকার ওই বহুতল থেকে মোট ৫ কোটি টাকার মাদক (Recovered Drug) উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটে সপরিবারে থাকতেন মোমিন খান নামে এক ব্যবসায়ী। বহুতলের পাঁচতলায় একটি ফ্ল্যাট নিয়ে থাকতেন তাঁরা। বুধবার গভীর রাতে আচমকাই সেখানে হানা দেন স্পেশাল টাস্কফোর্সের ১২ জন প্রতিনিধির একটি দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর উদ্ধার হয় মাদক দ্রব্য এবং সাড়ে পাঁচ লাখ টাকা। তাঁর স্ত্রী মেহতাব বেগমই এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা যাচ্ছে।
টাকা উদ্ধার প্রসঙ্গেই বুধবার পার্কসার্কাস এলাকার একটি বাড়িতে প্রথমে হানা দেয় গোয়েন্দারা। সেখান থেকেই সুকান্তনগরের এই ফ্ল্যাটের ঠিকানা হাতে আসে। তল্লাশির পরই উদ্ধার হয় কাড়ি কাড়ি টাকা।
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকমাস আগে এই ফ্ল্যাটে থাকা শুরু করেন মোমিন খান ও তাঁর পরিবার। ফ্ল্যাটে কারোর সঙ্গেই কথা বলতেন না তারা। মাঝেমধ্যেই ওই ব্যবসায়ীর বাড়িতে বড় বড় গাড়ি করে আনাগোনা করতেন অনেক অপরিচিত মানুষ। কিন্তু ফ্ল্যাট থেকে মাদক উদ্ধার হবে ভাবেননি বাসিন্দারা।
এসটিএফ সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে মাদক সহ প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। ইতিমধ্যেই মোমিন খান আর তাঁর স্ত্রীকে পুলিশ আটক (couple arrested) করেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে চারজন বাংলাদেশি। পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে গ্রেফতার করা হয় ধৃতদের।
স্ত্রী-ছেলেকে কুপিয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়ার, রক্তাক্ত ছিন্নভিন্ন দেহ পাওয়া গেল বাড়িতে