
শেষ আপডেট: 19 August 2020 18:30
কোভিড পজিটিভিটি রেট বা সংক্রমণের হার একটাই পয়েন্টে স্থিতিশীল রয়েছে। প্রতিদিন যত জন রোগীর করোনা পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে প্রতি ১০০ জনে যতজন রোগীর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলে কোভিড পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। কেন্দ্রের গত কয়েকদিনের হিসেবে দেখা গেছে, এই সংক্রমণের হার কখনও বেড়েছে আবার কখনও ঝপ করে কমে গেছে। গত রবিবার কোভিড পজিটিভিটি রেট কমে হয়েছিল ৭.৯%। সোমবার সেটাই ফের পৌঁছয় ৮ শতাংশের কাছাকাছি। তবে সংক্রমণের হার আর বাড়েনি। একটা পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে। করোনা সংক্রমণের হার তথা কোভিড পজিটিভিটি রেট যদি ১০ শতাংশের নিচে থাকে, তাহলে সেটা ইতিবাচক দিক। দেশে এখন পজিটিভিটি রেট ১০ শতাংশের কমেই আছে। সংক্রমণের হার স্থিতিশীল হওয়াও ভাল খবর। বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা টেস্ট আগের থেকে অনেক বেড়েছে। যত বেশি টেস্ট করা হবে আক্রান্ত রোগীদের তত দ্রুত চিহ্নিত করা যাবে। যদি দেখা যায়, কোভিড পরীক্ষা অনেক বেশি হচ্ছে, কিন্তু আক্রান্তের হার বাড়ছে না একজায়গাতেই দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে হবে সংক্রমণ ছড়ানোর হার কমেছে। সহজ কথায় বলতে গেলে, সংক্রমণ একটা গণ্ডিতেই আটকে গেছে। বেশিজনের মধ্যে ছড়িয়ে পড়ছে না।
কোভিড টেস্ট আরও বেড়েছে দেশে। আইসিএমআরের হিসেবে এখনও অবধি তিন কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে মোট ৩ কোটি ১৭ লক্ষ ৪২ হাজার ৭৮২টি। প্রতিদিন প্রায় আট লাখের বেশি কোভিড টেস্ট হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, এর পর থেকে প্রতিদিন ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা করা হয়েছে। দেশের মোট ১৪৮৬টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট করা হচ্ছে যার মধ্যে সরকারি ল্যাবরেটরি রয়েছে ৯৭৫টি এবং বেসরকারি ল্যাব ৫১১টি। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট হচ্ছে ৭৬২টি ল্যাবে, ট্রু্ন্যাট টেস্ট করা হচ্ছে ৬০৭টি ল্যাবরেটরিতে।