
এই সেই বিবৃতি।
শেষ আপডেট: 16 October 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেড ময়দান। রাজনৈতিক সভার জন্য পরিচিত সেই মাঠে গিয়েই শেষ হবে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস এর তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে রাজ্যবাসীকে। যা নিয়ে ইতিমধ্যে নানা মহলে নানা গুঞ্জনও শুরু হয়েছে।
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে গত ৯ অগস্ট থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ২ মাস পরেও উত্তরোত্তর বেড়েছে আন্দোলনের গতি। গত ৫ অক্টোবর থেকে ১০ দফা দাবিতে ধর্মতলার মঞ্চে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা।
মঙ্গলবার রাজ্যের দুর্গা পুজো কার্নিভালের দিনই আদালত থেকে অনুমতি নিয়ে পাল্টা দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। সেখানে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এভাবে পাশে থাকার জন্য মানুষকে ধন্যবাদ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস এর তরফে একটি বিবৃতি সামনে আনা হয়েছে।
সেখানেই আন্দোলনকারীদের তরফে সাধারণ মানুষের উদ্দেশে বলা হয়েছে, অভয়ার বিচারের লড়াই যে দীর্ঘ সেটা আমাদের সাথে আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন।
পচা গলা স্বাস্থ্য ব্যবস্থার খোল-নলচে পাল্টে না দেওয়া পর্যন্ত লড়াই যে চলবে তা জানিয়ে চিকিৎসকরা লিখেছেন, 'আসল কার্নিভাল হবে সব দাবি পূরণের পর। সেদিন আর কোথাও নয়, সেদিন আপনারা বিগ্রেড প্যারেড গ্রাউন্ডের দখল নেবেন এ বিশ্বাস আমাদের আছে।'
বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বস্তুচ, চিকিৎসকদের এহেন আন্দোলনের নেপথ্যে বাম এবং পদ্মের হাত রয়েছে বলে আগে থেকেই সরব শাসকদল তৃণমূল। কুণালের অভিযোগ, আরজি করের নির্যাতিতার বিচারের বিষয়টি এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন। তবু পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তির পরিবেশ জিইয়ে রাখা হচ্ছে। আসতে আসতে সবই স্পষ্ট হচ্ছে মানুষের কাছে।
এ ব্যাপারে আন্দোলনকারী চিকিৎসকরা অবশ্য কুণালের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, "আরজি করের মূল ইস্যু থেকে উনি আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছেন।"