দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার কেরলের কোল্লামে মাতা অমৃতানন্দময়ীর ৬৬ বছরের জন্মদিবস পালনে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, দেশের উপকূলেও যে সন্ত্রাসবাদীরা আঘাত হানবে না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সমুদ্রপথে বা উপকূলে যদি কেউ হামলা চালাতে আসে, আমরা তাদের জন্য প্রস্তুত আছি।
তাঁর কথায়, আমাদের উপকূলে বিদেশি সন্ত্রাসবাদীদের আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, আমরা সমুদ্রপথে নিরাপত্তা ব্যবস্থা দৃঢ়তর করে তুলেছি। বালাকোটে ভারতীয় বায়ুসেনার আক্রমণের কথা তুলে তিনি বলেন, পুলওয়ামার ঘটনার কিছুদিন পরে আমরা পালটা হানা দিয়েছি। আমরা কারও ক্ষতি করতে যাব না। কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করে, তাদের শান্তিতে থাকতে দেব না।
পরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে দেশ তার সেনাবাহিনীর আত্মত্যাগকে স্মরণ করে না, তাকে কেউ সম্মান দেয় না। যে সৈনিকরা জঙ্গি হানায় প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারের পাশে সারা দেশের দাঁড়ানো উচিত।
কিছুদিন আগে গোয়েন্দারা খবর দেন, জঙ্গিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হত্যার ষড়যন্ত্র করছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে জৈশ ই মহম্মদের আত্মঘাতী জঙ্গিরা।