সোমবারের পর মঙ্গলবার। ফের স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হল!

ফাইল ছবি।
শেষ আপডেট: 27 May 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: সোমবারের পর মঙ্গলবার। ফের স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হল! কে বা কারা এই হুমকি ই-মেল পাঠিয়েছে তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সোমবারের মতো মঙ্গলবারও এই হুমকি ই-মেল ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। সমগ্র এলাকা ভাল করে খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। তবে এই হুমকি ই-মেল এর বিষয়ে পুলিশ বা স্বাস্থ্য ভবনের কর্তারা এখনই কোনও মন্তব্য করতে চাননি।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, এদিন অন্য আর একটি ই-মেল আইডি থেকে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, 'চারটি আরডিএক্স রাখা আছে, বিকেল ৫টায় বিস্ফোরণ হবে'।
বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। কার্যত ঘিরে রাখা হয়েছে স্বাস্থ ভবন চত্বর। তবে প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, এটি ভুয়ো ইমেল। কেউ হয়তো ইচ্ছে করে পুলিশকে হেনস্থা করার জন্য এই মেল পাঠিয়েছে। তবে বিষয়টিকে কোনও ভাবেই হালকা করে দেখছে না পুলিশ।
পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের পর থেকেই দেশের নানা প্রান্ত সাইবার হামলার চেষ্টা করেছে পড়শি দেশ। বেশিরভাগ ক্ষেত্রে অসফল হলেও কিছু কিছু ভারতীয় সংস্থার মেল আইডি হ্যাক করতে পেরেছিল পাক হ্যাকাররা। এই হুমকি মেলের নেপথ্যেও পাক-যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কারণ এখনও পর্যন্ত কে বা কারা এই মেল পাঠিয়েছে তা জানা যায়নি।
সাম্প্রতিক সময় এই তথ্য সামনে এসেছিল যে পাকিস্তান এবং চিন ভারতে সাইবার হানার চেষ্টা করছে। স্বাস্থ্য ভবন সংক্রান্ত এই হুমকি মেলে তাদের হ্যাকারদের জেনারেট করা কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে মেলে হুমকির যা ভাষা তাতে অনুমান, স্থানীয় কেউই শুধুমাত্র পুলিশকে হেনস্থা করার জন্য এমন কাজ করে থাকতে পারে।