
শেষ আপডেট: 19 May 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো: দু’হাজার টাকার নোট (2000 rupee) বাজারে প্রায় দেখাই যায় না। এটিএমে পাঁচশো টাকার নোট মেলে। দু’হাজার টাকার নোট উধাও। সরকারি-বেসরকারি লেনদেনে দেখা নেই গোলাপি রঙের সেই নোট, যা মাত্র বছর সাত আগে বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
২০১৬-র ৮ নভেম্বর রাত থেকে দেশে তখনকার পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করা হয়। পরিবর্তে কিছুদিন পর নতুন পাঁচশো ও দু’হাজার টাকার নোট বাজারে আনে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু প্রথম থেকেই দু’হাজার টাকার নোটটি নিয়ে বিতর্ক শুরু হয়। এমন কথাও প্রচার হয়ে যায়, ওই নোটের মধ্যে চিপ বসানো আছে। তারফলে টাকা হাত বদলের যাবতীয় তথ্য সরকারের কাছে চলে যায়। এরফলে অনেকেই দু’হাজার টাকার নোট নিতে চাইতেন না। ধীরে ধীরে বাজার থেকে উধাও হয়ে যায় সেই নোট।
যদিও সরকারিভাবে সে কথা এখনও স্বীকার করা হয়নি। সংসদের বিগত অধিবেশনেই অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এক প্রশ্নের জবাবে জানান, দু’হাজার টাকার নোট নিয়ে সরকারের নতুন কোনও ভাবনাচিন্তা নেই। বাজারে ওই নোট না থাকার প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।

শুক্রবার এক বিবৃতিতে নিয়ামক ব্যাঙ্ক আরবিআই জানিয়েছে, পুরনো নোটগুলি বাজার থেকে সরিয়ে নেওয়া হবে। সেজন্য সমস্ত ব্যাঙ্ককে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এখনও দু’হাজার টাকার যে নোট বাজারে আছে তা তুলে নেওয়া হবে ওই সময়ের মধ্যে। তারপর নতুন নোট বাজারে আনা হবে, ইঙ্গিত দিয়েছে তারা।
আরবিআই বলেছে, এটা তাদের ক্লিন নোট পলিসির অঙ্গ। নেই নেই করে যে দু’ হাজার টাকার নোট বাজারে আছে সেগুলির ৮৯ শতাংশই ২০১৬-র নভেম্বরে বাজারে ছাড়া হয়েছিল। নতুন নোটের চেহারা কেমন হবে তা এখনও স্পষ্ট করেনি শীর্ষ ব্যাঙ্ক।
বাংলায় মুক্তির জন্য ‘দ্য কেরালা স্টোরি’কে বিশেষ শর্ত, আপস করবেন নির্মাতারা?