দ্য ওয়াল ব্যুরো: দৃষ্টিহীন মানুষেরা যাতে সহজে নির্দিষ্ট অঙ্কের নোট চিনতে পারেন, সে জন্য মোবাইল ফোনে বিশেষ ব্যবস্থা আনতে চলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইনডিয়া। বর্তমানে শুধুমাত্র ১০০ টাকার নোটে বিশেষ চিহ্ন থাকে দৃষ্টিহীনদের চেনার জন্য। কিন্তু এ ছাড়াও যে ১০, ২০, ৫০, ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে চালু, সেগুলি চেনার জন্য আরবিআইয়ের এই নতুন ব্যবস্থা সারা দেশের ৮০ লক্ষ দৃষ্টিহীন মানুষের জন্য খুবই কার্যকরী হবে।
সূত্রের খবর, এই বিষয়ে একটি বিশেষ যন্ত্র আনার কথা চলতি বছরের জুন মাসেই ঘোষণা করেছিল আরবিআই। এবার সেই বিশেষ যন্ত্রের খোঁজে ইতিমধ্যে ভেন্ডরদেরও আহ্বান জানিয়েছে আরবিআই। ওই ভেন্ডররা এমন কোনও যন্ত্র আনবেন, যার সামনে যে কোনও নোট ধরলে, বা ছোঁয়ালে বা ভিতরে ঢোকালে, কয়েক সেকেন্ডের মধ্যে সেই নোটে লেখা টাকার অঙ্ক যন্ত্রটি বলে দেবে।
আরবিআই জানিয়েছে, এই ব্যাপারটি সফটওয়্যার নির্ভর কোনও পরিষেবাও হতে পারে। হতে পারে ব্যাটারিচালিত কোনও যান্ত্রিক পরিষেবাও। দু'টো মিলিয়েও কিছু একটা ব্যবস্থা হতে পারে। তবে এই পরিষেবা ব্যবহারে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে না বলেই জানিয়েছে আরবিআই।