
শেষ আপডেট: 10 August 2023 08:46
দ্য ওয়াল ব্যুরো: গৃহ ঋণ তথা হোম লোনের (Home Loan) ক্ষেত্রে বহু গ্রাহক সুদ দেওয়ার ব্যাপারে ফ্লোটিং রেটই (Home Loan Floating Rate) বেছে নেন। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট (Reserve Bank Repo rate) বাড়ানোর ফলে সুদের হার বাড়লে গৃহঋণ বাবদ দেয় সুদের হার বাড়বে। আবার রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট কমানোয় ব্যাঙ্ক যদি সুদের হার কমায় তাহলে তার সুবিধা পাবেন গ্রাহকরা।
কিন্তু একাংশ ব্যাঙ্কের বিরুদ্ধে এ ব্যাপারে ক্রেতাদের ক্ষোভ অসন্তোষ রয়েছে। সুদের হার বাড়লে বা কমলে ক্রেতাদের ঠিক মতো জানানো হয় না বলে অভিযোগ। বিশেষ করে সুদের হার কমলে তার সুবিধা ক্রেতাদের প্রসারিত করতে দেরি করা হয় বলেও অভিযোগ রয়েছে এক শ্রেণির ব্যাঙ্কের বিরুদ্ধে।
ঠিক এই বিষয়টিতেই এবার হস্তক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি (Monetery Policy) ঘোষণা করেছেন গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikant Das)। মুদ্রাস্ফীতি পরিস্থিতি সত্ত্বেও এবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে ফ্লোটিং রেটের সুবিধা গ্রাহকদের ঠিকমতো দেওয়ার ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
• ফ্লোটিং রেটের ব্যাপারে স্বচ্ছতা রাখতে হবে ব্যাঙ্ককে।
• গ্রাহকদের লোন অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সুদের হার বাড়া কমার ফলে ঋণের মেয়াদ, কিস্তি (EMI) ইত্যাদির কোনও পরিবর্তন হল কিনা, এবং তার চার্জ স্পষ্ট করে জানাতে হবে।
• ফ্লোটিং রেট থেকে ফিক্সড রেটে (Fixed rate of interest) ফেরা যাবে কিনা তাও জানাতে হবে।
রিজার্ভ ব্যাঙ্ক এদিন জানিয়েছে যে তারা এ ব্যাপারে একটা সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা গিয়েছে, বহু অভিযোগ রয়েছে ফ্লোটিং রেটের গ্রাহকদের। তাঁদের অভিযোগ হল, গ্রাহকদের না জানিয়ে ঋণ পরিশোধের মেয়াদ অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেজন্য ক্রেতাদের থেকে সম্মতিও নেওয়া হচ্ছে না।
তাই ব্যাঙ্কের নির্দেশ এ ব্যাপারে একটা অভিন্ন ও সুনির্দিষ্ট কাঠামো থাকবে। কোনও ব্যাঙ্ক সেই কাঠামোর বাইরে যেতে পারবে না। ওই কাঠামোর মধ্যে পরিষ্কার করে বলা থাকবে যে গ্রাহক ফ্লোটিং রেট থেকে ফিক্সড রেট সুদের স্কিমে কীভাবে লোন ট্রান্সফার করতে পারবে। তা ছাড়া গ্রাহক ঋণ আগেভাগে মিটিয়ে দিতে গেলে কী করতে হবে, তাও বলা থাকবে।
এ ব্যাপারে ব্যাঙ্ক কোনও পরিষেবা মূল্য তথা চার্জ ধার্য করলে ক্রেতাকে স্পষ্ট করে জানাতে হবে। অর্থাৎ তাঁর সামনে কী কী বিকল্প রয়েছে তা গ্রাহক যেন ভাল করে বুঝতে পারেন। এ ব্যাপারে যেন কোনও লুকোচুরি না খেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন: UPI Lite-এ এল বড় বদল, ২০০ নয়, ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা