
শেষ আপডেট: 10 June 2023 19:17
দ্য ওয়াল ব্যুরো: রবি শাস্ত্রী বড় বিতর্ক সৃষ্টি করলেন ভারতীয় ক্রিকেটে। তিনি আইপিএলের সমালোচনায় মুখর হলেন। বলে দিলেন, ওই লিগের কারণেই চলতি টেস্টে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারছেন না।
শাস্ত্রীর ওই কথার পরেই সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, শাস্ত্রী নিজেই তো আইপিএলের সব ম্যাচের ধারাভাষ্য দিয়েছেন। তিনি সেইসময় ওই মশালা ক্রিকেটের প্রশংসা করে কথাও বলেন। এর মধ্যে কী এমন হল, সব দোষ দিলেন ওই বিনোদন লিগের?
তিনি এর আগেও বিসিসিআই-র কমেন্ট্রি টিম থেকে বাদ পড়েছিলেন আলপটকা মন্তব্য করায়। এবারও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গিলদের ক্রিকেটে তিনি অসন্তোষ প্রকাশ করে আইপিএলের সমালোচনা করেছেন।
ক্ষুব্ধ শাস্ত্রী বলেছেন, আমাদের ক্রিকেটারদের দেশ আর ক্লাবের মধ্যে কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে, সেটা আগে স্থির করা উচিত। যদি মনে করো, আইপিএল খেলবে তা হলে টেস্টের মায়া ত্যাগ করা উচিত হবে।
সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচের কমেন্ট্রি দিতে গিয়ে এই প্রাক্তন বলেন, আমি সকল ক্রিকেটারদেরই জানাতে চাই আইপিএলের ফ্রাঞ্চাইজি ক্রিকেট, না টেস্ট ক্রিকেট, কোনটি খেলবে সেটি তোমাদেরই ঠিক করা উচিত হবে। অর্ধেক হৃদয় দিয়ে কিছু হয় না।
তিনি নিজে যে আইপিএলের ধারাভাষ্য দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন, সেই নিয়েও কথা উঠেছে। আইসিসি-র মঞ্চে একরকম কথা, আর আইপিএলের সময় অন্যরকম প্রশংসাসূচক মন্তব্য, এই পরস্পরবিরোধী আচরণ নিয়েও সমালোচনা হচ্ছে ভারতের প্রাক্তন কোচের।