
শেষ আপডেট: 9 November 2023 19:55
দ্য ওয়াল ব্যুরো: রেশনের টাকা জঙ্গি সংগঠনেও ঢালা হয়েছে! বৃহস্পতিবার বিষ্ণুপুরের সভা থেকে এমনই ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের সঙ্গে সরাসরি জঙ্গি যোগেরও অভিযোগ এনেছেন তিনি।
বারাসতে মানব পাচারের তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে এনআইএ। ওই প্রসঙ্গ টেনে শুভেন্দুর দাবি, “এই সরকারের সঙ্গে জঙ্গি যোগ আছে। বাকিবুর রহমানে টাকা পিএফআইতে গেছে। তৃণমূল একজন রাজ্যসভা সাংসদের সঙ্গে সরাসরি সিমির যোগাযোগ আছে।”
পিএফআই অর্থাৎ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া। গোয়েন্দা সংস্থার দাবি, পিএফআই আসলে ইসলামিক জঙ্গি সংগঠন। এহেন জঙ্গি সংগঠনে বাকিবুরের বিরুদ্ধে টাকা ঢালার গুরুতর অভিযোগ এনেছেন শুভেন্দু। যাকে ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
রেশন দুর্নীতির তদন্তে নেমে ১৩ অক্টোবর নদীয়ার চালকল মালিক বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। সেই সূত্রেই গত ২৬ অক্টোবর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, জ্যোতিপ্রিয়র অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন বাকিবুর। তাঁরাই রেশন দুর্নীতির মূল চক্রী।
ইডির আরও দাবি, রেশন থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ হয়েছে। সেই টাকায় বাকিবুর পিএফআইতে ঢেলেছেন বলে এদিন শুভেন্দু ইঙ্গিত দিতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অন্যদিকে নিয়োগ দ্রুত মামলায় শীর্ষ আদালত সিবিআই ও ইডিকে তদন্তের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, “আদালতের নির্দেশকে স্বাগত। ব্রিগেড প্যারেডে জেল তৈরি করতে হবে। আর কোনও জেলে জায়গা হবে না।”
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন আধিকারিক জেলবন্দি। তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন আরও কয়েকজন। শুভেন্দুর মন্তব্যে ফের গ্রেফতারির ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।