
শেষ আপডেট: 26 January 2024 13:37
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির বিষয়ে সব জানতেন তিনি। এমনকী দুর্নীতি জানতে পারার পরেও তদন্তের নির্দেশের পরিবর্তে জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই নাকি তদন্ত ভেস্তে দেওয়ার প্রক্রিয়া শুরু করতেন।
রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেরায় এমনই স্বীকারোক্তি দিয়েছেন বলে আদালতে দাবি ইডির। সূত্রের খবর, এ ব্যাপারে ব্যাঙ্কশাল আদালতে রিপোর্টও পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
ইডির দাবি, রেশন দুর্নীতির গোড়া থেকেই সব কিছু জানতেন জ্যোতিপ্রিয়। বরং ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তিনি নিজেই সেই সব চাল কল, মিল কল মালিকদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন। তাদেরই অন্যতম জেলবন্দি ধৃত বাকিবুর রহমান।
রেশন দুর্নীতির অভিযোগে ম্যারাথন জেরার পর গত বছরের ২৬ অক্টোবর গভীর রাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। জ্যোতিপ্রিয়র বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রেশন দুর্নীতির একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে আগেই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে ইডি। চার্জশিটে কয়েকশ কোটি টাকার দুর্নীতির কথা বললেও ইডি এখন দুর্নীতির পরিমাণ জানাচ্ছে, হাজার কোটি টাকা। তদন্তকারী সংস্থার দাবি, রেশনে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে। বিগত এক দশক ধরে এই দুর্নীতি চলছিল বলে তদন্তকারীদের দাবি।
তবে সব জেনেও জ্যোতিপ্রিয় কেন চুপ ছিলেন, তা অবশ্য স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। এবিষয়ে মন্ত্রীকে আরও জেরা করা হবে বলেও সূত্রের খবর।
তবে ইডির এমন দাবি সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "একা জ্যোতিপ্রিয় এই বিরাট বড় স্ক্যামটার সঙ্গে যুক্ত ছিল, একথাটা আমরা বিশ্বাস করতে পারছি না। এই চক্রের সঙ্গে পুরো তৃণমূলই জড়িত। আসলে দল এবং প্রধান মাথাদের বাঁচাতেই তদন্তকারীদের কাছে এমন কৌশলী মন্তব্য করেছেন।"