
শেষ আপডেট: 13 October 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে রেশন দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টানা তিন দিন তল্লাশির পর আটক মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।
রেশন বণ্টনে বেলাগাম দুর্নীতির অভিযোগে গত ২ দিন ধরে রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন অভিযান চালাচ্ছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন,বাকিবুরকে ঘুঁটি করা হয়েছে, পিছনে রয়েছেন বড় কোনও প্রভাবশালী। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন ইডির অফিসাররা। আজ শুক্রবার সকালে আটক করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, বাকিবুরের বাড়ি থেকে প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে।
বাগুইআটিতে অভিজাত আবাসনে থাকেন বাকিবুর রহমান। তিনি এলাকায় ‘প্রভাবশালী ব্যবসায়ী’ হিসেবেই পরিচিত। গত তিন দিন ধরে সেখানে টানা তল্লাশি চালিয়েছে ইডি। গত বুধবার নদিয়ার শিমুলিয়ায় এই ব্যবসায়ীর চালকলে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর চালকল, আটামিল, হরিণঘাটার চালকলে হানা দিয়ে তদন্তকারীরা বেশ কিছু তথ্য পেয়েছিলেন বলে জানা যায়। এমনকী বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসও রয়েছেন ইডির র্যাডারে। অভিষেকের বাড়িতেও বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় গত দুদিন ধরে তল্লাশি চালাচ্ছে ইডি। বুধবার থেকেই শুরু হয়েছে অভিযান। কোথাও তা চলে মধ্যরাত পর্যন্ত। এই দুর্নীতির তদন্ত করতে গিয়েই বাকিবুরের নাম উঠে আসে।
নানারকম ব্যবসা রয়েছে বাকিবুরের। তাঁর ওঠাবসা নেতামন্ত্রী, প্রভাবশালীদের সঙ্গে বলেই জানিয়েছিল ইডি। এই বাকিবুর রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডেও জড়িত বলে অনুমান ইডির। তাঁর চালকল, আটামিল, বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে।