
শেষ আপডেট: 24 June 2022 05:57
দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রা উৎসব (Rathyatra) পালনের তোড়জোড় শুরু কলকাতায় (Kolkata)। দম ফেলার ফুরসত নেই গিরিশপার্কের রমেশ দত্ত স্ট্রিটের শিল্পীদের। জোরকদমে চলছে বড় বড় রথের সজ্জা তৈরির কাজ। কাটা হচ্ছে থার্মোকল। বড় থার্মোকলে তৈরি হচ্ছে চৈতন্যদেব। থাকবে জগন্নাথের দু'পাশে। সেইসঙ্গে খুদেদের জন্য তৈরি হচ্ছে ছোট ছোট রথ। রথের আর মাত্র একসপ্তাহ বাকি, অর্ডার প্রচুর। লক্ষ্মীলাভের এই সুযোগ হাতছাড়া করতে চান না শিল্পীরা। তাই দিনরাত চলছে কাজ।

গত দু'বছর করোনার থাবায় রথের আনন্দ মাটি হয়েছে। কিন্তু এবছর পরিস্থিতি ভাল। তাই রথযাত্রা হবে জাঁকজমক করে। বরানগরে পুরীর আদলে তৈরি হচ্ছে রথ। ইসকনের রথযাত্রাও বেরোবে। স্বাভাবিকভাবেই আড়ম্বরের সঙ্গেই এবারের রথ পালিত হতে চলেছে। সেজন্যই ব্যস্ততা শিল্পীদের মধ্যেও।

পাড়ায় পাড়ায় খুদেরা যে রথ নিয়ে বেরোয়, সেই রথ তৈরি করেছিলেন নোটন ঘোষ। জানালেন, তিনি সারাবছর বিয়ে বা অন্য অনুষ্ঠানের সাজসজ্জা তৈরির কাজ করেন। পুজো বা ভোট এলেই কাজ বেড়ে যায়। উপার্জনও ভাল হয়। তবে এবছর সব জিনিসের দাম অনেক বেড়েছে। তাই বাঁশ, থার্মোকল, কাঠবোর্ড দিয়ে তৈরি ছোটদের রথের দামও অনেকটা বেড়েছে। ভালো চাকা লাগানো শক্তপোক্ত তিনতলা রথের দাম ১২০০ টাকা। একটু ছোট ৫০০-৬০০ টাকা। তবে তাসত্ত্বেও ভালো বিক্রি হবে বলে আশা তাঁর।

বাঁশ কাটতে কাটতে রিন্টু দাস বললেন, 'রিকশার ছাউনি বানাচ্ছিলাম। কিন্তু সামনে রথ। তাই ছোট রথ বানাচ্ছি। কাঠবোর্ড আর থার্মোকল দিয়ে। করোনার আগে আমি কম করে ৪০-৫০টা রথ বানাতাম। কিন্তু এবছর মালের দাম বেড়েছে। তাই কুড়িটা বানাচ্ছি।

ছ'বছরের ছেলের জন্য রথের অর্ডার দিয়েছেন রতন ভৌমিক। শক্ত কাঠের সেই রথ তৈরি করতে খরচ পড়েছে তিনহাজার টাকা। রতনবাবু বললেন, 'ছেলের বায়না মেটাতে অর্ডার দিয়েছি। কমদামের রথগুলো একবছর টানার পরই ভেঙে যায়। তাই এটা স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করাচ্ছি। প্রতিবছর ব্যবহার করা যাবে।'

তবে মালপত্রের দাম অনেক বেড়ে গেছে। এবার একটি একতলা রথের দাম ২০০-৩০০ টাকা। দোতলা রথের দাম হয়েছে ৫০০-৬০০ টাকা। ৭০০ থেকে ১০০০ টাকা হল তিনতলা রথের দাম। একটু শক্তপোক্ত ও সুন্দর ডিজাইনের রথের দাম পড়ছে দেড় হাজার টাকা পর্যন্ত।
উত্তর ভাসবে অতিবৃষ্টিতে, দক্ষিণে সেই ছিটেফোঁটা! আগামী কয়েক দিন গরম কমছে না কলকাতায়